© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে পদক্ষেপ চান জোহরান মামদানি

শেয়ার করুন:
ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে পদক্ষেপ চান জোহরান মামদানি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫১ পিএম | ২৪ নভেম্বর, ২০২৬
ফিলিস্তিনিদের ওপর হামলায় জড়িত ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। তবে তার মতে, শুধু নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না। ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা বন্ধের প্রশ্নেও ডেমোক্রেটিক পার্টিকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

মার্কিন প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের নেতা হাকিম জেফরিসের এক ঘোষণার প্রতিক্রিয়ায় মামদানি এ কথা বলেন। ফিলিস্তিনিদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও হামলায় জড়িত বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপে একটি বিল উত্থাপনের পরিকল্পনা জানিয়েছেন জেফরিস।

এই উদ্যোগ প্রসঙ্গে মামদানি বলেন, "বসতি স্থাপনের যে তৎপরতা বহু ফিলিস্তিনির জীবন ও জীবিকা বিপর্যস্ত করে দিচ্ছে, তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রস্তাবকে আমি স্বাগত জানাই।"

ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে একাধিক মার্কিন প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন নিউইয়র্কের মেয়র। তিনি বলেন, "আমাদের এর চেয়েও এগিয়ে যেতে হবে। একাধিক প্রশাসনের আমলে আমাদের দেশ ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যায় শত শত কোটি ডলার জুগিয়েছে। এই বাস্তবতাও আমাদের বিবেচনায় নিতে হবে। এখন ভিন্ন পথ বেছে নেওয়ার সময়।"

আগামী জানুয়ারিতে মার্কিন কংগ্রেসের নতুন অধিবেশন শুরু হওয়ার কথা। জেফরিস তখন প্রতিনিধি পরিষদের পরবর্তী স্পিকার হবেন বলে আশা করা হচ্ছে। নতুন কংগ্রেসের প্রথম ১০০ দিনের মধ্যে বিলটি উত্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

এমন সময়ে মামদানি এই আহ্বান জানালেন, যখন ডেমোক্রেটিক পার্টির ভেতরেই ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার নীতি পর্যালোচনার দাবি জোরালো হচ্ছে। পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলার জন্য দায়ী বসতি স্থাপনকারীদের জবাবদিহির আওতায় আনার দাবিও উঠছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

এমআর/ 

মন্তব্য করুন