© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিজের পোস্টারের সামনে হাত জোড়, ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন অভিনেতা

শেয়ার করুন:
নিজের পোস্টারের সামনে হাত জোড়, ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন অভিনেতা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৪ এএম | ১৯ মে, ২০২৬
ওটিটিতে মুক্তির পর থেকেই আলোচনায় রয়েছে সাইফ আলি খানের নতুন ছবি ‘কর্তব্য’। তবে ছবির গল্প বা অভিনয়ের চেয়ে এখন বেশি চর্চা হচ্ছে একটি ভাইরাল মুহূর্তকে ঘিরে। সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও, যেখানে নিজের ছবিযুক্ত বিশাল পোস্টারের সামনে দাঁড়িয়ে হাত জোড় করে প্রণামের ভঙ্গিতে দেখা যায় অভিনেতাকে। আর সেই দৃশ্য সামনে আসতেই শুরু হয় মজার বন্যা। একের পর এক ব্যঙ্গচিত্র, কৌতুক আর মন্তব্যে ভরে ওঠে সমাজমাধ্যম।

অনেকেই মজা করে বলতে শুরু করেন, নিজের পোস্টারকেই নাকি প্রণাম করছেন সাইফ। বিষয়টি নিয়ে এতটাই আলোচনা তৈরি হয় যে শেষ পর্যন্ত মুখ খুলতে হয় অভিনেতাকেই।



এক সাক্ষাৎকারে সাইফ জানান, পুরো ঘটনাটিই ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তাঁর কথায়, তিনি নিজেকে প্রণাম করেননি। বরং ছবিটির সঙ্গে জড়িয়ে থাকা সমস্ত মানুষের পরিশ্রম এবং কাজের প্রতি সম্মান জানাতেই সেই ভঙ্গি করেছিলেন। সামনে যেহেতু ছবির বড় পোস্টার ছিল, তাই সেটির দিকেই হাত জোড় করেছিলেন তিনি।

অভিনেতার ভাষ্যে, তিনি পোস্টারটিকে নিজের প্রতিচ্ছবি হিসেবে দেখেননি। বরং পুরো সিনেমার প্রতীক হিসেবেই সেটিকে ভেবেছিলেন। সাইফ আরও জানান, পরে অনেকের কাছেই তাঁকে বিষয়টি ব্যাখ্যা করতে হয়েছে। তাঁর মতে, হাতের ভঙ্গিটি দেখতে প্রণামের মতো লাগলেও সেটি আসলে শুভেচ্ছা জানানোরই একটি মুহূর্ত ছিল। ভাইরাল হওয়ার উদ্দেশ্যে আগে থেকে কিছুই পরিকল্পনা করা হয়নি বলেও স্পষ্ট করেন তিনি।

তবে ঘটনাটি নিয়ে তৈরি হওয়া ব্যঙ্গচিত্র বা কৌতুক দেখে বিরক্ত নন অভিনেতা। বরং সেগুলো উপভোগই করেন তিনি। সমাজমাধ্যমে খুব বেশি সক্রিয় না থাকলেও তাঁকে ঘিরে কী চলছে, সেই খবর রাখেন নিয়মিত। তাঁর কোনও ব্যক্তিগত সমাজমাধ্যমের অ্যাকাউন্ট না থাকলেও অনুরাগীদের তৈরি নানা মজার ছবি ও মন্তব্য তাঁর নজরে আসে।

সাইফের কথায়, এই ধরনের বিষয় হালকা মজার ছলেই নেওয়া উচিত। দর্শকেরা ভালোবাসেন বলেই এমন কৌতুক তৈরি করেন। আর সেই ভালোবাসাকেই গুরুত্ব দেন তিনি।

পিআর/এসএন

মন্তব্য করুন