© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অভিনয়ের চেয়ে পরিচালনাই বেশি টানে অনুভবকে

শেয়ার করুন:
অভিনয়ের চেয়ে পরিচালনাই বেশি টানে অনুভবকে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৫ এএম | ১৯ মে, ২০২৬
ক্যামেরার সামনে তাঁর উপস্থিতি বরাবরই নজর কাড়ে দর্শকের। তবে অভিনেতা অনুভব কাঞ্জিলাল-এর মন পড়ে থাকে ক্যামেরার পেছনের জগতে। অভিনয়ের ব্যস্ততার মাঝেও তাই পরিচালকের চেয়ারই তাঁকে সবচেয়ে বেশি টানে। সেই স্বপ্ন নিয়েই এবার নতুন করে আলোচনায় অনুভব।

খুব শিগগিরই পরিচালনায় আসার পরিকল্পনা করছেন তিনি। তবে তার আগেই ছোটপর্দায় ফের নায়কের ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে। নতুন ধারাবাহিক ‘কম্পাস’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অনুভব। ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম প্রান্তিক।



অভিনেতার কথায়, পরিচালকের জীবন এখনও বাংলা বিনোদন জগতে খুব অনিশ্চিত। পরিচালক ও প্রযোজকেরা নিজেদের কাজ নিয়ে নিরাপদ নন বলেও মনে করেন তিনি। সেই প্রসঙ্গ টেনে অনুভব বলেন, তাঁর বাবা অঞ্জন কাঞ্জিলাল-এর ছবি ‘সাজঘর’ দীর্ঘদিন ধরেই মুক্তির অপেক্ষায় রয়েছে। সেই অভিজ্ঞতা কাছ থেকে দেখেই বড় হয়েছেন তিনি।

তবু ছোটবেলা থেকেই পরিচালকের স্বপ্ন দেখেছেন অনুভব। শুধু অভিনয় নয়, পরিচালনা নিয়েও পড়াশোনা করেছেন তিনি। বাবার ছবিতে সহকারী হিসেবে পরিচালনার কাজও করেছেন। অভিনেতার দাবি, অভিনয়ের চেয়ে পরিচালনার কাজই তাঁকে বেশি আকর্ষণ করে।

এই প্রসঙ্গেই টলিউডের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খোলেন অনুভব। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে বাংলা বিনোদন দুনিয়ায় অনেককেই দমিয়ে রাখা হয়েছে। নতুন সরকারের কাছে তাঁর আবেদন, এই পরিস্থিতির বদল হোক। শিল্পীরা যেন স্বাধীনভাবে কাজ করতে পারেন।

এদিকে আচমকা আবার ধারাবাহিকে নায়ক হয়ে ফেরা নিয়েও মুখ খুলেছেন অভিনেতা। তিনি জানান, ধারাবাহিকের প্রযোজক ও পরিচালক সুশান্ত দাস-এর অনুরোধ ফেরাতে পারেননি। মূল নায়ক অর্কপ্রভ রায় পায়ে চোট পাওয়ায় গল্পে নতুন মোড় আনা হয়েছে। সেই জায়গাতেই যুক্ত হয়েছেন অনুভব।

তবে অর্কপ্রভ সুস্থ হয়ে ফিরলে গল্প কোন দিকে যাবে, তা এখনও নিশ্চিত নয়। অনুভবের কথায়, ভবিষ্যতে তাঁকে সমান্তরাল নায়ক হিসেবেও দেখা যেতে পারে। এমনকি গল্পে ত্রিকোণ প্রেমের নতুন সমীকরণও তৈরি হতে পারে। সবটাই নির্ভর করছে সময় ও চিত্রনাট্যের উপর।

পিআর/এসএন

মন্তব্য করুন