সৌদি আরবে সর্বশেষ ড্রোন হামলায় প্রতিক্রিয়া জানাল পাকিস্তান
ছবি: সংগৃহীত
১১:১৫ এএম | ১৯ মে, ২০২৬
সৌদি আরবের ওপর চালানো ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান এবং রিয়াদের প্রতি তাদের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছে। সোমবার (১৮ মে) নিন্দা জানায় ইসলামাবাদ। এর একদিন আগে রোববার সৌদি আরবে হামলা হয়।
সৌদি কর্তৃপক্ষ রোববার জানায়, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরাক থেকে আসা তিনটি চালকবিহীন বিমানকে প্রতিহত ও ধ্বংস করেছে।
২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন ও ইসরাইলি হামলার মাধ্যমে শুরু হওয়া এই যুদ্ধে, ইরান বারবার সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন সামরিক ঘাঁটি থাকা অন্যান্য উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্যবস্তু করেছে, যার মধ্যে বেসামরিক ও জ্বালানি অবকাঠামোসহ বিভিন্ন স্থাপনা রয়েছে।
পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং বলেছে যে এ ধরনের ঘটনা সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার গুরুতর লঙ্ঘন।
বিবৃতিতে আরও বলা হয়, এই হামলাগুলো আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে আরও ক্ষুণ্ণ করার একটি প্রচেষ্টা বলে মনে হচ্ছে।
‘এই সংকটময় সময়ে পাকিস্তান সরকার ও জনগণ সৌদি আরব সরকার ও জনগণের পাশে রয়েছে এবং সৌদি আরবের নিরাপত্তা, শান্তি ও সমৃদ্ধির প্রতি তাদের পূর্ণ ও অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করছে।’ পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে আরও বলা হয়।
এদিকে, রোববার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলার নিন্দা জানানোর কয়েক ঘণ্টা পর পররাষ্ট্র দপ্তরের এই বিবৃতিটি এসেছে।
এক বিবৃতিতে পররাষ্ট্র দপ্তর জানায়, ‘পারমাণবিক স্থাপনাকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার যেকোনো ঘটনা আন্তর্জাতিক মানবিক আইন, জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএএইএ) গঠনতন্ত্র ও প্রস্তাবনায় অন্তর্ভুক্ত পারমাণবিক সুরক্ষা ও নিরাপত্তার মৌলিক নীতিসহ আন্তর্জাতিক আইনের একটি গুরুতর লঙ্ঘন।’
সংযুক্ত আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলায় আগুন লেগে যায় তবে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, এতে কেউ হতাহত হয়নি বা তেজস্ক্রিয়তার মাত্রায় কোনো প্রভাব পড়েনি।
আবুধাবি মিডিয়া অফিস আরও জানায়, সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আসা ড্রোনটি বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরীণ সীমানার বাইরে একটি বৈদ্যুতিক জেনারেটরে আঘাত হানে।
সূত্র: জিও টিভি
এমআর/এসএন