© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নতুন ডিজাইনের ৫ টাকার নোট চালু করছে বাংলাদেশ ব্যাংক

শেয়ার করুন:
নতুন ডিজাইনের ৫ টাকার নোট চালু করছে বাংলাদেশ ব্যাংক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪৬ পিএম | ১৯ মে, ২০২৬
বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে ভিত্তি করে নতুন ডিজাইনের ৫ টাকা মূল্যমানের নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের স্বাক্ষরিত নতুন নোটটি মঙ্গলবার (১৯ মে) থেকে প্রচলনে আনা হয়েছে। প্রাথমিকভাবে এটি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরে অন্যান্য শাখা অফিস থেকে ইস্যু করা হবে।

নতুন নোটটির আকার ১১৭ মি.মি × ৬০ মি.মি। নোটের সম্মুখভাগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ও শাপলা ফুলের নকশা রয়েছে, আর পেছনের অংশে ‘গ্রাফিতি-২০২৪’ এর ছবি মুদ্রিত আছে। জলছাপ হিসেবে রয়েল বেঙ্গল টাইগারের মুখের পাশাপাশি ‘৫’ সংখ্যার ইলেকট্রোটাইপ ও সরকারি মনোগ্রাম ব্যবহার করা হয়েছে।

নোটটিতে নিরাপত্তা বৈশিষ্ট্য হিসেবে নিরাপত্তা সুতা ও মাইক্রোপ্রিন্টে ‘BANGLADESH’ লেখা অন্তর্ভুক্ত রয়েছে। রং হিসেবে হালকা গোলাপি শেড প্রধানভাবে ব্যবহৃত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন নোট চালুর পাশাপাশি প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা বহাল থাকবে। পাশাপাশি সংগ্রাহকদের জন্য ৫ টাকার নমুনা (Specimen) নোটও প্রস্তুত করা হয়েছে, যা বাংলাদেশ ব্যাংকের কারেন্সি মিউজিয়াম, মিরপুর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।

এবি/টিএ


মন্তব্য করুন