বাংলাদেশে ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে তুরস্কের একটি প্রতিষ্ঠান
ছবি: সংগৃহীত
০৬:৩৭ পিএম | ২৫ নভেম্বর, ২০২৬
বাংলাদেশে ৩০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে তুরস্কের শীর্ষস্থানীয় টেক্সটাইল প্রতিষ্ঠান সানকো হোল্ডিং। বুধবার (২৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইনভেস্ট বাংলাদেশ।
জানা যায়, সানকো হোল্ডিং তাদের ডেনিম বিভাগ ইসকোর মাধ্যমে এবং বাংলাদেশের ডিবিএল গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে একটি অত্যাধুনিক ডেনিম উৎপাদন কারখানা স্থাপন করবে। কারখানাটিতে ইন্টিগ্রেটেড স্পিনিং ইউনিটও থাকবে। এতে ৩০০ মিলিয়ন বা ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে সানকো হোল্ডিং।
ইনভেস্ট বাংলাদেশের বিজ্ঞপ্তিতে জানা যায়, সানকো হোল্ডিং একটি পারিবারিক মালিকানাধীন শিল্পগোষ্ঠী।
এর টেক্সটাইল ব্যবসার ইতিহাস ১৯০৪ সাল পর্যন্ত বিস্তৃত। বর্তমানে প্রতিষ্ঠানটি বস্ত্র, নবায়নযোগ্য জ্বালানি, নির্মাণ, প্যাকেজিং ও অর্থায়ন খাতে ব্যবসা পরিচালনা করছে। এর ডেনিম বিভাগ ইসকো বিশ্বের অন্যতম বৃহৎ ডেনিম কাপড় উৎপাদনকারী প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটির বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় ২৫ থেকে ৩০ কোটি মিটার।
৬০টিরও বেশি দেশে তারা গ্রাহকদের সেবা দেয়। তুরস্কের প্রথম মন্ত্রণালয়-অনুমোদিত টেক্সটাইল গবেষণা ও উন্নয়ন কেন্দ্রও তারাই পরিচালনা করে।
সানকোর প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বোর্ডের ভাইস চেয়ার ফাতিহ কোনুকোগ্লু এবং বোর্ড সদস্য হাকান কোনুকোগ্লু। তারা ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রস্তাবিত ৩০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। কারখানাটি থেকে প্রায় ৪ হাজার ৪০০ প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
ইনভেস্ট বাংলাদেশ জানায়, প্রতিনিধিদলে আরও ছিলেন প্রধান আর্থিক কর্মকর্তা মুস্তাফা গুনবুলুত, প্রধান কৌশল কর্মকর্তা চাগাতায় আবরাস এবং আঞ্চলিক প্রধান ব্যবস্থাপক তেজকান বালতাস। স্থানীয় যৌথ উদ্যোগ অংশীদার ডিবিএল গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এম. এ. জব্বার, ট্রেজারি প্রধান জাকারিয়া চৌধুরী এবং গ্রুপ রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান জুয়েল জাব্বার। ইনভেস্ট বাংলাদেশের সদস্য নাহিয়ান রহমান রচিও উপস্থিত ছিলেন।
ইনভেস্ট বাংলাদেশ জানায়, প্রস্তাবিত রপ্তানিমুখী কারখানাটির মাসিক উৎপাদন ক্ষমতা হবে প্রায় ১০ মিলিয়ন মিটার। ২০২৮ সালের প্রথম প্রান্তিকে বাণিজ্যিক কার্যক্রম শুরুর লক্ষ্য রয়েছে।এই বিনিয়োগ বাংলাদেশের টেক্সটাইলের পশ্চাৎ-সংযোগ (ব্যাকওয়ার্ড লিংকেজ) শিল্পকে শক্তিশালী করবে এবং রপ্তানি আয় বাড়াবে বলে আশা করা হচ্ছে। প্রকল্প বাস্তবায়নে সহায়তা দিতে ইনভেস্ট বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।
এমআই/