বিচ্ছেদ ঘোষণার মাঝেই কান কার্পেটে মৌনী!
ছবি: সংগৃহীত
০১:৪৪ পিএম | ১৯ মে, ২০২৬
ব্যক্তিগত জীবনের ঝড়ের মাঝেও পেশাদার জীবনে থামছেন না মৌনী রায়। স্বামী সুরজ নাম্বিয়ার-এর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা ঘিরে যখন বিনোদন দুনিয়ায় জোর চর্চা চলছে, ঠিক তখনই কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাজির হয়ে নতুন করে আলোচনার কেন্দ্রে এলেন অভিনেত্রী।
চার বছরের দাম্পত্যে ইতি টেনে সম্প্রতি যৌথ বিবৃতিতে আলাদা হওয়ার কথা জানান মৌনী ও সুরজ। সেই ঘোষণার পর থেকেই নানা জল্পনা ঘুরপাক খাচ্ছিল সমাজমাধ্যমে। কখনও সম্পর্ক ভাঙার জন্য তৃতীয় ব্যক্তির প্রসঙ্গ উঠে এসেছে, কখনও আবার অভিনেত্রী দিশা পাটানি-র নামও জড়িয়ে পড়ে আলোচনায়। যদিও সূরজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিচ্ছেদের কারণ সম্পূর্ণ ব্যক্তিগত এবং এ নিয়ে ছড়ানো নানা গুঞ্জনের কোনও ভিত্তি নেই।

এই আবহের মধ্যেই সোমবার সকালে প্রথমবার জনসমক্ষে দেখা যায় মৌনীকে। বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হলেও কোনও মন্তব্য করেননি তিনি। পরে স্পষ্ট হয়, কান চলচ্চিত্র উৎসবেই যোগ দিতে রওনা হয়েছিলেন অভিনেত্রী।
ফ্রান্সের কানে পৌঁছে আসন্ন ছবি ‘বম্বে স্টোরিজ’-এর প্রদর্শনী উপলক্ষে ‘মার্শে দ্যু ফিল্ম’ বিভাগে অংশ নেন মৌনী। লাল গালিচায় তাঁর উপস্থিতি মুহূর্তেই নজর কাড়ে অনুরাগীদের। সাদা ও কালোর মিশেলে মনোক্রম সাজে ধরা দেন অভিনেত্রী। সাদা কলার ডিটেলিংয়ের সঙ্গে কালো গাউনে তাঁর লুক ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল।
নিজের কান লুকের ছবি ভাগ করে মৌনী লেখেন, ‘কান ও ক্যানভাস’। আর সেই ছবিতেই ভালোবাসা ও সমর্থনের বার্তা দেন দিশা। অভিনেত্রী মন্তব্য করেন, ‘এগিয়ে চলো।’ পাশাপাশি মন্দিরা বেদি-ও মৌনীর আত্মবিশ্বাসের প্রশংসা করেছেন।

ব্যক্তিগত জীবনের কঠিন সময়েও যেভাবে নিজেকে সামলে আন্তর্জাতিক মঞ্চে আত্মবিশ্বাসী উপস্থিতি বজায় রেখেছেন মৌনী, তা মুগ্ধ করেছে তাঁর অনুরাগীদেরও। অনেকেই মন্তব্য করেছেন, এই সময়েও অভিনেত্রীর দৃঢ়তা সত্যিই প্রশংসনীয়।
পিআর/এসএন