৫ দিনেও ক্যাম্পাসে ঢুকতে পারেননি ডুয়েট ভিসি, ক্যাম্পাসে অচলাবস্থা
ছবি: সংগৃহীত
০২:০৪ পিএম | ১৯ মে, ২০২৬
গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে টানা অচলাবস্থা অব্যাহত রয়েছে। নিয়োগের পাঁচ দিন পেরিয়ে গেলেও আন্দোলনের কারণে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল এখনো ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি।
গত রবিবার (১৭ মে) আন্দোলনরত শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ২৩ জন আহত হন। ওই ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পরবর্তীতে মামলা দায়ের করে।
এর আগে গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে অধ্যাপক মোহাম্মদ ইকবালকে চার বছরের জন্য ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে অন্য বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগের প্রতিবাদে শিক্ষার্থীদের একাংশ আন্দোলনে নামলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে।
আন্দোলনকারীদের একটি অংশের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ইসলামী ছাত্রশিবিরও মাঠে থাকে বলে জানা গেছে। ফলে ক্যাম্পাসে উত্তেজনা আরও বাড়ে।
গাজীপুর সদর মেট্রো থানার ওসি আমিনুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে মামলা করেছে। বর্তমানে ক্যাম্পাসে পরিস্থিতি শান্ত রয়েছে বলে তিনি জানান।
অন্যদিকে মঙ্গলবার (১৯ মে) সকালে ডুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক আবু তৈয়ুব বলেন, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলেও আন্দোলনের কারণে উপাচার্য এখনও ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি। তবে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল সাংবাদিকদের জানান, তিনি নিয়মিত প্রশাসনিক কাজ চালিয়ে যাচ্ছেন এবং শিক্ষার্থী ও স্টাফদের বিষয়ে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। বেতন, বোনাস ও বকেয়া পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, “শিক্ষকদের সঙ্গে আলোচনা চলছে। সবার সঙ্গে আলোচনা করে ধীরে ধীরে ক্যাম্পাসে প্রবেশ করা হবে।”
বর্তমানে ক্যাম্পাসে বড় কোনো সংঘর্ষ না থাকলেও প্রশাসনিক অচলাবস্থা ও অনিশ্চয়তা এখনো কাটেনি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এসএন