আমার বিভিন্ন বক্তব্য মিস কোড করেছিল ‘গুপ্তরা’: হামিম
ছবি: সংগৃহীত
০৪:২০ পিএম | ১৯ মে, ২০২৬
ছাত্রদলের পদ ফিরে পেতে আবেদন করেছেন দলটি থেকে অব্যাহতি পাওয়া শেখ তানভীর বারী হামিম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক ছিলেন।
সোমবার (১৮ মে) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক ভিডিও পোস্টে এ কথা জানান হামিম।
ভিডিওতে হামিম বলেন, গত ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ কতৃক আমাকে শোকজ এবং পরবর্তীতে কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল।
তিনি বলেন, আপনারা জানেন, আমার একটি বক্তব্যকে কেন্দ্র করে তৎকালীন সময়ে যারা গুপ্ত, যারা সবসময় ঘৃণিত অপকর্মে নিজেদের জড়িয়ে তারা যে গুপ্তবৃত্তি করে তা প্রমাণ করে। সে সময় আমার বিভিন্ন বক্তব্যকে তারা ‘মিস কোড’ করে আমাকে ছাত্রদলের মুখোমুখি দাঁড় করানোর একটি ভিন্ন চেষ্টা করেছিল। ঠিক একইভাবে পরবর্তীতে তারা কিন্তু আমরা যারা ছাত্রদল করি আমাদেরকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করানোর একটি অপচেষ্টার ঘৃণিত কর্মকাণ্ড তারা করেছিল।
‘কিন্তু আপনারা প্রত্যেকে জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় প্রতিটি নাগরিক এবং প্রতিটি ধর্মের প্রতি সমান শ্রদ্ধাবোধ রাখে। সমান শ্রদ্ধাবোধ রেখে তাদের কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন করে।’
ছাত্রদলের শীর্ষ নেতাদের উদ্দেশে তিনি বলেন, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ভাইয়ের প্রতি বরাবরই আস্থা রেখেছি। তারাও কিন্তু আমার এই পথযাত্রায় সহযোগিতা করেছেন। আমি যে এখনো অব্যাহতি প্রাপ্ত, আমি যেন দলীয় পতাকা সবসময় সমুন্নত রাখতে পারি, দলীয় আদর্শের চর্চা অব্যাহত রাখতে পারি, তারা সবসময় আমাকে মানসিকভাবে সমর্থন এবং বিভিন্নভাবে গাইডেন্স দিয়েছেন। যেন আমি যেটুকু ভুল করেছি, সে ভুল থেকে যেন সরে আসতে পারি।
ডাকসু নির্বাচনে পরাজিত এই জিএস বলেন, অব্যাহতি পাওয়ার পর থেকে আমার মনে হয়েছে, এটা একটা শিক্ষা। যেটা থেকে দলের প্রতি আমার আরও দায়বদ্ধতা বেড়ে গিয়েছে।
‘সর্বোপরি আমি ধন্যবাদ জানাই, কঠিন সময়ে তারা আমাকে মানিসকভাবে সমর্থন দিয়েছেন। আমি যে অব্যাহতি পেয়েছি, তা প্রত্যাহারের জন্য আবারও আবেদন করেছি। আমি আশা রাখছি, আমি যে দায়িত্বে ছিলাম অতিদ্রুত তা ফিরিয়ে দেবেন।’
সবার কাছে দোয়া চেয়ে হামিম বলেন, আমি ছাত্রদলেরই সৃষ্টি হামিম এবং ছাত্রদলই আমার পরিচয়। জাতীয়তাবাদী আদর্শকে লালন এবং পালন করে আমৃত্যু যেন এ দলের সঙ্গে থাকতে পারি।
এসএন