তারকাখ্যাতি নিয়ে খোলামেলা কথা বললেন পঙ্কজ ত্রিপাঠি
ছবি: সংগৃহীত
০৪:৫৩ পিএম | ১৯ মে, ২০২৬
বলিউডে নিজের অভিনয় দক্ষতা দিয়ে আলাদা জায়গা তৈরি করেছেন পঙ্কজ ত্রিপাঠি। তবে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেও নিজেকে এখনো ‘তারকা’ মনে করেন না তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই অকপট মন্তব্য করেছেন এই অভিনেতা। মজার ছলে তিনি বলেন, আমি নিজেকে স্টার মনে করি না, তবে আমার ব্যাংক অ্যাকাউন্ট হয়তো সেটা মনে করে।
দীর্ঘ সংগ্রামের পর আজকের অবস্থানে পৌঁছেছেন পঙ্কজ ত্রিপাঠি। ছোট ছোট চরিত্র দিয়ে শুরু করে তিনি এখন বলিউডের অন্যতম নির্ভরযোগ্য অভিনেতা। ‘গ্যাংস অব ওয়াসেপুর’, ‘মির্জাপুর’ কিংবা ‘স্ত্রী’ প্রতিটি কাজেই নিজের অভিনয়ের ছাপ রেখেছেন তিনি।
সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে পঙ্কজ জানান, তার কাছে স্টারডম বা তারকাখ্যাতি মানে শুধু জনপ্রিয়তা নয়। তিনি বলেন, মানুষের ভালোবাসা, বিশ্বাস আর সংযোগই আসল স্টারডম। বাজারের ভাষায় ব্রান্ড এনডোর্সমেন্টকে স্টার হওয়ার মাপকাঠি ধরা হয়। কারণ ব্রান্ড ভালো অভিনেতাদের নয়, তারকাদের খোঁজে।
নিজেকে স্টার মনে করেন কি না, এমন প্রশ্নের জবাবে পঙ্কজের উত্তর ছিল বেশ ব্যতিক্রমী। তিনি বলেন, আমার ব্যাংক অ্যাকাউন্ট হয়তো মনে করে আমি তারকা। কিন্তু আমি নিজে তা মনে করি না। শুধু জনপ্রিয় হলেই হবে না, মানুষ যেন কাজ মনে রাখে। বদনাম হলেও মানুষ জনপ্রিয় হতে পারে। কিন্তু আমি জনপ্রিয় হওয়ার চেষ্টা করিনি, বরং স্মরণীয় হওয়ার চেষ্টা করেছি।

২০০৪ সালে ‘রান’ সিনেমায় ছোট একটি চরিত্র দিয়ে অভিনয়জীবন শুরু করেন পঙ্কজ। এরপর বহু বছর ছোট ছোট চরিত্রে অভিনয় করলেও খুব একটা নজরে আসেননি। ‘ওমকারা’-তেও দেখা গিয়েছিল তাকে। তবে ‘গ্যাংস অব ওয়াসেপুর’ সিনেমাই বদলে দেয় তার ক্যারিয়ার। সেই সিনেমার পর থেকেই দর্শকদের নজরে আসেন তিনি।
অভিনয়ের স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতেছেন পঙ্কজ ত্রিপাঠি। ‘নিউটন’ সিনেমায় অভিনয়ের জন্য বিশেষ সম্মাননা পান তিনি। এ ছাড়া ‘মিনি’ সিনেমার জন্য জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার।
এদিকে বর্তমানে নতুন কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন অভিনেতা। খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে ‘মির্জাপুর দ্য ফিল্ম’। সিনেমাটি পরিচালনা করেছেন গুরমিত সিং। এতে আরও অভিনয় করেছেন আলী ফজল, রসিকা দুগাল, দিব্যেন্দু, জিতেন্দ্র কুমার রবি কিষাণসহ অনেকে। আগামী ৪ সেপ্টেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এসএ/টিএ