পর্দায় একসঙ্গে আসতে পারেন প্রিয়াঙ্কা ও নিক
ছবি: সংগৃহীত
০৬:০২ পিএম | ১৯ মে, ২০২৬
বলিউড ও হলিউড-দুই অঙ্গনেই সমান জনপ্রিয় প্রিয়াঙ্কা চোপড়া এবং তার স্বামী মার্কিন সংগীতশিল্পী নিক জোনাস। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের রোমান্টিক মুহূর্ত, ফ্যাশনেবল উপস্থিতি কিংবা মেয়ে মালতির সঙ্গে পারিবারিক ছবি নিয়মিতই ভক্তদের মন কাড়ে। তবে দীর্ঘদিন ধরেই অনুরাগীদের মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কবে এই তারকা দম্পতিকে একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে?
সম্প্রতি সেই সম্ভাবনার ইঙ্গিতই যেন দিলেন প্রিয়াঙ্কা চোপড়া। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, নিক জোনাসের সঙ্গে কাজ করার ইচ্ছা তার অনেকদিনের। এমনকি ভবিষ্যতে তারা একসঙ্গে কোনো সিনেমায়ও অভিনয় করতে পারেন বলেও আশা প্রকাশ করেছিলেন তিনি।
সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেছিলেন, ‘এটা হিন্দি সিনেমা হবে কি না জানি না, কিন্তু আমি আর নিক একসঙ্গে কাজ করছি। এখন আমরা একসঙ্গে বিভিন্ন শো প্রযোজনা করছি, নতুন নতুন কনটেন্ট তৈরি করছি। ভবিষ্যতে সেটি অভিনয়ে গড়াতে পারে। আমরা রোমান্টিক চরিত্রে থাকব কি না জানি না, তবে একসঙ্গে কাজ করব, এ বিষয়ে আমি নিশ্চিত।’

এ মন্তব্যের পর থেকেই ভক্তদের কৌতূহল আরও বেড়ে যায়। কারণ বাস্তব জীবনে জনপ্রিয় এ জুটিকে একসঙ্গে পর্দায় দেখার স্বপ্ন অনেকদিন ধরেই দেখছেন দর্শকরা। বিশেষ করে কোনো বলিউড বা হিন্দি সিনেমায় তাদের একসঙ্গে দেখার সম্ভাবনা নিয়ে সামাজিক মাধ্যমে নিয়মিত আলোচনা হয়।
এদিকে ২০২৬ সালে এসে প্রিয়াঙ্কা চোপড়ার ব্যস্ততা এখন তুঙ্গে। হলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করার পর তিনি আবারও ভারতীয় সিনেমায় ফিরছেন বড় এক প্রজেক্টের মাধ্যমে। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন ‘বারানসি’ সিনেমার শুটিং নিয়ে। তেলেগু ভাষার এ মহাকাব্যিক অ্যাকশন-অ্যাডভেঞ্চার সিনেমা পরিচালনা করছেন এস এস রাজামৌলি। এতে প্রিয়াঙ্কার সঙ্গে আরও অভিনয় করছেন মহেশ বাবু এবং পৃথিরাজ সুকুমার। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন প্রকাশ রাজ। ইতোমধ্যেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
অন্যদিকে ভক্তরা এখনো অপেক্ষা করছেন বহু আলোচিত ‘জি লে জারা’ সিনেমার জন্য, যেখানে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা যাবে আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফকে।
এসএ/টিএ