‘এমআর-৯’-এ কি থাকছেন না এবিএম সুমন?
ছবি: সংগৃহীত
০৬:১৬ পিএম | ১৯ মে, ২০২৬
ঢালিউড ও হলিউডের যৌথ আয়োজনে নির্মিত বহুল আলোচিত গুপ্তচরভিত্তিক চলচ্চিত্র ‘এমআর-৯’ ঘিরে আবারও তৈরি হয়েছে নতুন চমক। আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের জনপ্রিয় চরিত্র ‘মাসুদ রানা’কে তুলে ধরার এই উদ্যোগ এবার আরও বড় পরিসরে এগোচ্ছে। তবে সেই পথচলায় আসছে বড় পরিবর্তনও। জানা গেছে, ফ্র্যাঞ্চাইজিটির পরবর্তী কিস্তিতে আর দেখা যাবে না প্রথম ছবির প্রধান অভিনেতা এবিএম সুমনকে। তার পরিবর্তে সম্পূর্ণ নতুন একজন অভিনেতাকে মাসুদ রানার ভূমিকায় হাজির করা হবে।
প্রথম কিস্তি ‘এমআর-৯: ডু অর ডাই’ মুক্তির পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসে এই সিরিজ। বাংলাদেশের জনপ্রিয় সাহিত্য চরিত্রকে বৈশ্বিক দর্শকের সামনে তুলে ধরার উদ্যোগ হিসেবে ছবিটি বিশেষ গুরুত্ব পায়। তবে এবার নির্মাতারা আরও বড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন বলে জানা গেছে।
কান চলচ্চিত্র উৎসব থেকে নির্মাতা আসিফ আকবর জানিয়েছেন, নতুন কিস্তির বাজেট আগের তুলনায় অনেক বেশি হবে। শুধু তাই নয়, ছবির শুটিং হবে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন লোকেশনে। আন্তর্জাতিক মানের অ্যাকশন ও স্পাই-থ্রিলারের আবহ তৈরি করতেই এই বড় আয়োজন বলে জানিয়েছেন তিনি।

সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে মাসুদ রানা চরিত্রে পরিবর্তন নিয়ে। বিশ্বজুড়ে জনপ্রিয় গুপ্তচরভিত্তিক ফ্র্যাঞ্চাইজিগুলোর মতোই সময়ের সঙ্গে চরিত্রে নতুন মুখ আনার পরিকল্পনা নিয়েছেন নির্মাতারা। জেমস বন্ড কিংবা ব্যাটম্যান সিরিজের উদাহরণ টেনে বলা হচ্ছে, একই চরিত্রে ভিন্ন অভিনেতা হাজির হওয়া আন্তর্জাতিক অঙ্গনে নতুন কিছু নয়। সেই ধারাতেই এবার নতুন রূপে ফিরতে যাচ্ছে ‘মাসুদ রানা’।
যদিও নতুন অভিনেতার নাম এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে নির্মাতারা জানিয়েছেন, আন্তর্জাতিক দর্শকদের কথা মাথায় রেখেই নির্বাচন প্রক্রিয়া চলছে। ফলে কে হচ্ছেন নতুন ‘মাসুদ রানা’, তা নিয়েই এখন চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে তুমুল কৌতূহল।
বাংলাদেশি সাহিত্যের জনপ্রিয় এই চরিত্রকে ঘিরে বৈশ্বিক পরিসরে এমন আয়োজন ঢালিউডের জন্যও বড় এক ঘটনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে আন্তর্জাতিক লোকেশন, বড় বাজেট এবং নতুন পরিকল্পনার কারণে ‘এমআর-৯’-এর পরবর্তী অধ্যায় এখন থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে।
এসএ/টিএ