রাঘব-পরিণীতির বিয়ের আসরে বড় দাদার মতো কর্তব্য পালন করেছিলেন কেজরিওয়াল!
ছবি: সংগৃহীত
০৮:১৭ পিএম | ১৯ মে, ২০২৬
রাজনীতির ময়দান থেকে ব্যক্তিগত সম্পর্ক- সব মিলিয়ে আবারও আলোচনার কেন্দ্রে রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। দলবদলের জেরে গত কয়েক সপ্তাহ ধরেই সমালোচনার মুখে রয়েছেন রাঘব। আর সেই বিতর্কের মাঝেই নতুন করে সামনে এসেছে তাদের রাজকীয় বিয়ের অন্দরমহলের গল্প, যা ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক চাপানউতোর।
গত এপ্রিল মাসে আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দেন রাঘব চাড্ডা। এরপর থেকেই প্রাক্তন দলের নেতাকর্মীদের একাংশের কটাক্ষের মুখে পড়েন তিনি। কেউ তাকে ‘বিশ্বাসঘাতক’ বলছেন, কেউ আবার অভিযোগ তুলছেন রাজনৈতিক সুবিধার জন্যই তিনি শিবির বদলেছেন। তবে এবার বিতর্ক নতুন মোড় নেয় রাঘব-পরিণীতির বিয়েকে ঘিরে।
সম্প্রতি গায়ক ও বৈদিক পুরোহিত অঙ্কিত বাত্রা এক আলোচনায় জানান, ২০২৩ সালে উদয়পুরে অনুষ্ঠিত রাঘব-পরিণীতির বিয়েতে আম আদমি পার্টির শীর্ষ নেতৃত্ব কীভাবে পরিবারের সদস্যের মতো উপস্থিত ছিলেন। তার দাবি, অরবিন্দ কেজরিওয়াল ও ভগবন্ত মান বিয়ের প্রতিটি আচার মন দিয়ে দেখেছিলেন। এমনকি বরযাত্রীর আনন্দেও অংশ নেন তারা।

অঙ্কিত বাত্রার কথায়, বিয়ের অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত কড়া। তবুও পুরো আয়োজনজুড়ে ছিল পারিবারিক উষ্ণতা। তিনি জানান, বরযাত্রার সময় কেজরিওয়ালকে নাচতেও দেখা যায়। এক পর্যায়ে রাঘব চাড্ডাকে কাঁধে তুলেও আনন্দ প্রকাশ করেছিলেন তিনি। সেই মুহূর্তগুলোই এখন নতুন করে সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে।
এই বক্তব্য প্রকাশ্যে আসতেই ফের সরব হয়েছে আম আদমি পার্টির নেতারা। তাদের দাবি, দলই রাঘব চাড্ডাকে রাজনৈতিক পরিচিতি ও মর্যাদা দিয়েছে। এমনকি পরিণীতির সঙ্গে তার সম্পর্ক এবং বিয়ের পেছনেও দলের ভূমিকা ছিল বলেও মন্তব্য করেছেন কেউ কেউ।
এর আগে দিল্লির এক শীর্ষ নেতা অভিযোগ করেছিলেন, রাঘব দীর্ঘদিন ধরেই বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছিলেন। নিজের আলাদা ভাবমূর্তি তৈরির জন্য কিছু জনমুখী ইস্যুতে সরব হলেও সেটি ছিল পরিকল্পনার অংশ। সেই অভিযোগ ঘিরে তখনও ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল।
এখন নতুন করে বিয়ের গল্প সামনে আসার পর প্রশ্ন উঠছে, যে দল ও নেতৃত্ব তাকে এতটা আপন করে নিয়েছিল, তাদের ছেড়ে রাজনৈতিক প্রতিপক্ষের শিবিরে যোগ দেওয়ার সিদ্ধান্ত কীভাবে নিলেন রাঘব? যদিও এ বিষয়ে এখনও প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি তিনি।
এসএ/টিএ