তিশা শর্মার মৃত্যু ঘিরে রহস্য
ছবি: সংগৃহীত
০৯:১১ পিএম | ১৯ মে, ২০২৬
প্রাক্তন মিস পুনে ও পরিচিত মডেল তিশা শর্মার রহস্যমৃত্যু ঘিরে ক্রমশই ঘনীভূত হচ্ছে ধোঁয়াশা। গত সপ্তাহে ভোপালে তার শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয় তিশার নিথর দেহ। ঘটনার পর থেকেই দুই পরিবারের পাল্টাপাল্টি অভিযোগে নতুন মোড় নিয়েছে তদন্ত।
জানা গেছে, তিশার আসল বাড়ি উত্তরপ্রদেশের নয়ডায়। কিন্তু বিয়ের পর তিনি ভোপালেই থাকতেন। হঠাৎ তার মৃত্যুর খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রথম থেকেই মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। আর সেই প্রশ্নের মাঝেই সামনে আসে দুই পরিবারের ভিন্ন ভিন্ন দাবি।

তিশার শ্বশুরবাড়ির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ছোটবেলা থেকেই পরিবার তাকে গ্ল্যামার জগতের সঙ্গে জড়িয়ে দেয়। তাদের অভিযোগ, তিশা একাধিকবার জানিয়েছিলেন যে পরিবারের চাপেই তাকে মডেলিং জগতে থাকতে হয়েছে। শাশুড়ি গিরিবালা সিংয়ের দাবি, তিশার উপার্জনের ওপর নির্ভর করেই চলত তার পরিবার। দীর্ঘদিন ধরেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি বলেও জানিয়েছেন তিনি।
একইসঙ্গে শ্বশুরবাড়ির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এখন নিজেদের দায় এড়াতেই তাদের ছেলেকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তবে এই সমস্ত অভিযোগ সরাসরি অস্বীকার করেছে তিশার পরিবার।
তিশার পরিবারের দাবি, তদন্তকে অন্যদিকে ঘোরানোর জন্যই এমন কথা বলা হচ্ছে। তারা পুরো ঘটনার সঠিক তদন্ত দাবি করেছেন। বিশেষ করে বাড়ির নজরদারি চিত্র খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন তারা। পাশাপাশি আদালতের দ্বারস্থ হয়ে দ্বিতীয়বার ময়নাতদন্তের আবেদনও করা হয়েছে।
পরিবারের আইনজীবী জানিয়েছেন, তিশার দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আত্মীয়দের দাবি, এসব ক্ষত মৃত্যুর আগেই তৈরি হয়েছিল। ফলে পুরো ঘটনাকে ঘিরে সন্দেহ আরও বাড়ছে। এখন তদন্তকারী সংস্থা বিভিন্ন তথ্যপ্রমাণ সংগ্রহ করছে এবং সংশ্লিষ্টদের বয়ান রেকর্ড করছে।
রহস্যমৃত্যুর এই ঘটনায় এখনও স্পষ্ট কোনও সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। তবে দুই পরিবারের পরস্পরবিরোধী বক্তব্য এবং নতুন নতুন তথ্য সামনে আসায় তিশা শর্মার মৃত্যু ঘিরে রহস্য আরও গভীর হচ্ছে।
এসএ/টিএ