© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নরওয়েতে সাংবাদিকের কঠিন প্রশ্নের উত্তর না দিয়েই চলে গেলেন মোদি!

শেয়ার করুন:
নরওয়েতে সাংবাদিকের কঠিন প্রশ্নের উত্তর না দিয়েই চলে গেলেন মোদি!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৩ পিএম | ১৯ মে, ২০২৬
নরওয়ে সফরে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এক নরওয়েজিয়ান সাংবাদিকের করা প্রশ্নের জেরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ ব্রিফিংয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংবাদমাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার পরিস্থিতি এবং সরকারের প্রতি আস্থার প্রশ্নে ভারতীয় কর্মকর্তাদের বেশ কঠিন জবাবদিহির মুখে পড়তে হয়।

নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস ঘরের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলন শেষে মঞ্চ ত্যাগ করছিলেন প্রধানমন্ত্রী মোদি। এ সময় হেলে লিং নামের এক সাংবাদিক মোদিকে উদ্দেশ করে প্রশ্ন করেন, বিশ্বের সবচেয়ে স্বাধীন সংবাদমাধ্যমের সামনে তিনি কেন সাংবাদিকদের কোনো প্রশ্ন নেন না। তবে মোদি এ বিষয়ে কোনো জবাব না দিয়েই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

পরবর্তীতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সিবি জর্জের সংবাদ ব্রিফিংয়ে একই সাংবাদিক আবারও মানবাধিকার ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি জানতে চান, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকার পরও সম্পর্ক জোরদারের ক্ষেত্রে ভারতকে কেন বিশ্বাস করা উচিত এবং মোদি ভারতীয় সংবাদমাধ্যমের কঠিন প্রশ্নের মুখোমুখি হবেন কি না।

ব্রিফিং চলাকালে সাংবাদিক বারবার ফলোআপ প্রশ্ন করতে গেলে সিবি জর্জ কিছুটা বিরক্ত হয়ে বলেন, 'দয়া করে আমাকে উত্তর দিতে দিন। প্রশ্ন করেছেন, কিন্তু কীভাবে উত্তর দেবো, সেটাও বলে দিতে পারেন না।'

এরপর সিবি জর্জ ভারতের গণতান্ত্রিক কাঠামো ও আন্তর্জাতিক ভূমিকার পক্ষে জোরালো সাফাই দেন। তিনি জানান, ভারত একটি সভ্যতাভিত্তিক রাষ্ট্র, যার বিশ্বকে দেওয়ার মতো বিশেষ কিছু রয়েছে। কোভিড-১৯ মহামারির সময় ভারত ১০০টিরও বেশি দেশে টিকা এবং প্রায় ১৫০টি দেশে ওষুধ সরবরাহ করেছে। বিশ্বের জনসংখ্যার প্রায় এক-ষষ্ঠাংশ ভারতের হলেও, বিশ্ব সমস্যার এক-ষষ্ঠাংশের জন্য ভারত দায়ী নয় বলে দাবি করেন তিনি।

পাশাপাশি, স্বাধীনতার প্রথম দিন (১৯৪৭ সাল) থেকেই নারীদের ভোটাধিকার এবং সংবিধানের মাধ্যমে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার বিষয়টিও তুলে ধরেন এই কর্মকর্তা।

ঘটনার পর সাংবাদিক হেলে লিং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ক্ষোভ প্রকাশ করে লেখেন, তিনি এবং তার সহকর্মী মানবাধিকার ইস্যুতে নির্দিষ্ট উত্তর পাওয়ার চেষ্টা করলেও তা পাননি। এর পরিবর্তে ভারতীয় প্রতিনিধিরা কেবল কোভিডকালে ভারতের ভূমিকা এবং যোগব্যায়াম নিয়েই কথা বলেছেন।

সূত্র: দ্য হিন্দু

টিজে/টিএ 

মন্তব্য করুন