আপাতত আপনারা ট্রেলারটা উপভোগ করুন: দিলজিৎ দোসাঞ্ঝ
ছবি: সংগৃহীত
০৯:৪৭ পিএম | ১৯ মে, ২০২৬
পাকিস্তানি শিল্পীদের সঙ্গে ‘সর্দারজি ৩’ সিনেমায় অভিনয় করার জেরে বলিউডে তুমুল তোপের মুখে পড়েছিলেন পাঞ্জাবি পপস্টার ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝ। সেই সময় তাকে বয়কটের ডাকও দেওয়া হয়েছিল। যদিও আগের চুক্তির কারণে ‘বর্ডার ২’ সিনেমায় অভিনয়ের ছাড়পত্র পেয়েছিলেন তিনি।
এদিকে রাজনৈতিক অঙ্গনে আম আদমি পার্টি (আপ) ও বিজেপির মধ্যকার তরজায় জড়িয়ে আবারও আলোচনায় আসেন এই তারকা। এর মধ্যেই নিজের নতুন সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে তার অনুপস্থিতি বলিপাড়ায় নতুন করে বিতর্কের আগুন উসকে দিয়েছে।
মঙ্গলবার মুক্তি পেয়েছে জনপ্রিয় নির্মাতা ইমতিয়াজ আলি পরিচালিত নতুন সিনেমা ‘ম্যায় ওপিস আউঙ্গা’। ছবিটির মুখ্য ভূমিকায় রয়েছেন দিলজিৎ দোসাঞ্ঝ। জমকালো আয়োজনে ছবিটির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে শর্বরী ওয়াঘ, বেদাঙ্গ রায়না-সহ সিনেমার পুরো টিম হাজির থাকলেও, দেখা মেলেনি খোদ দিলজিতের।

প্রধান নায়কের এমন অনুপস্থিতিতে বিটাউনের অন্দরমহলে শুরু হয় জোর গুঞ্জন। চারদিকে প্রশ্ন ওঠে দিলজিৎ কি তবে এখনো বলিউডে অলিখিতভাবে নিষিদ্ধ? নাকি সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কের জের ধরে আইনি বা সামাজিক ঝামেলা এড়াতেই তিনি ছবির প্রচারানুষ্ঠান থেকে দূরে থাকলেন?
গুঞ্জন ও জল্পনা যখন আকাশচুম্বী, ঠিক তখনই নীরবতা ভেঙে মুখ খুলতে বাধ্য হলেন দিলজিৎ দোসাঞ্ঝ। এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি ট্রেলার লঞ্চে না থাকার আসল কারণ পরিষ্কার করেছেন।
ভিডিও বার্তায় দিলজিৎ বলেন, ‘আমি বর্তমানে টেক্সাসে অবস্থান করছি। যে কারণে সশরীরে অনুষ্ঠানে উপস্থিত হতে পারলাম না। আসলে টেক্সাসে আজকের রাতের শো-এর সব টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। আর সে কারণেই আমি এখানে অত্যন্ত জরুরি একটি কাজ সামলাচ্ছি। আপনারাও আপনাদের কাজগুলো ঠিকঠাকভাবে সামলে নিন।’
অনুরাগীদের উদ্দেশ্যে এই পপস্টার আরও বলেন, ‘আমি খুব শিগগিরই ফিরে আসব। আপাতত আপনারা সিনেমার ট্রেলারটা উপভোগ করুন। যদি ট্রেলারটি আপনাদের ভালো লাগে, তবে সবার সঙ্গে শেয়ার করবেন। আর যদি ভালো নাও লাগে, তবুও শেয়ার করবেন! কারণ, এটা ইমতিয়াজ আলির সিনেমা।’
এসএ/টিএ