© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভাঙা দাঁতের ছবি ঘিরে আলোচনায় গোবিন্দ

শেয়ার করুন:
ভাঙা দাঁতের ছবি ঘিরে আলোচনায় গোবিন্দ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৪ পিএম | ১৯ মে, ২০২৬
একসময় বলিউডের সবচেয়ে জনপ্রিয় নায়কদের তালিকায় প্রথম সারিতেই ছিল গোবিন্দর নাম। নাচ, কমেডি আর প্রাণবন্ত অভিনয়ে নব্বইয়ের দশকে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি। তবে সময়ের সঙ্গে বদলেছে অনেক কিছু। কাজ কমেছে, আলোচনার ধরনও পাল্টেছে। এখন আর নতুন সিনেমা নয়, বরং ব্যক্তিগত জীবন কিংবা চেহারার পরিবর্তন নিয়েই বেশি চর্চায় থাকছেন এই অভিনেতা।

সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে আবারও আলোচনার কেন্দ্রে চলে এলেন গোবিন্দ। স্ত্রী সুনীতা আহুজা এবং মেয়ের একটি রিয়্যালিটি শোয়ে তাদের উৎসাহ দিতে উপস্থিত হয়েছিলেন অভিনেতা। অনুষ্ঠানস্থলে আলোকচিত্রীদের সামনে হাসিমুখে পোজও দেন তিনি। আর সেখানেই ক্যামেরায় ধরা পড়ে তার ভাঙা দাঁতের ছবি।



ছবি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয় আলোচনা। দেখা যায়, অভিনেতার ডান পাশের একটি দাঁত নেই। সেই ছবি ঘিরে নানা মন্তব্য করতে শুরু করেন নেটিজেনদের একাংশ। কেউ মজা করে দাঁতের চিকিৎসকের পরামর্শ দিয়েছেন, আবার কেউ সহানুভূতি জানিয়ে বলেছেন, বয়সের সঙ্গে এমন পরিবর্তন খুবই স্বাভাবিক।

গত কয়েক বছর ধরেই গোবিন্দকে নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা চলে আসছে। কখনও তার পরচুলা ব্যবহার নিয়ে কটাক্ষ, কখনও আবার তার বদলে যাওয়া চেহারা নিয়ে সমালোচনা। যদিও এসব বিষয়ে খুব একটা প্রতিক্রিয়া দিতে দেখা যায় না অভিনেতাকে।

৬২ বছরে পা রাখা গোবিন্দর জীবনে সময়ের ছাপ স্পষ্ট হলেও, দর্শকদের কাছে তিনি এখনও এক নস্টালজিয়ার নাম। নব্বইয়ের দশকের অসংখ্য জনপ্রিয় গান, নাচ আর কমেডি দৃশ্য এখনও ভক্তদের মনে অমলিন। তবে তারকাখ্যাতির বাস্তবতাও যেন বারবার মনে করিয়ে দেয়, পর্দার মানুষদের বয়স বাড়লেও তাদের পরিবর্তন নিয়ে আলোচনা থামে না।

এসএ/এসএন

মন্তব্য করুন