© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিজের ছবির প্রচারেই কেন নেই দিলজিৎ?

শেয়ার করুন:
নিজের ছবির প্রচারেই কেন নেই দিলজিৎ?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৯ এএম | ২০ মে, ২০২৬
বলিউডে নতুন ছবি মুক্তির আগে তারকাদের প্রচার নিয়ে যতটা উন্মাদনা থাকে, ঠিক ততটাই কৌতূহল থাকে কে কোথায় উপস্থিত থাকছেন তা নিয়েও। আর সেই কৌতূহলই এবার জল্পনায় রূপ নেয় জনপ্রিয় গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জকে ঘিরে। পরিচালক ইমতিয়াজ আলির নতুন ছবি ‘ম্যাঁয় ওয়াপাস আউঙ্গা’র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে ছবির মুখ্য অভিনেতার অনুপস্থিতি নিয়ে গত কয়েকদিন ধরে সরগরম ছিল বলিউড।

কেউ বলছিলেন, ছবির প্রচার থেকে নাকি নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন দিলজিৎ। আবার কোনো কোনো মহলে শোনা যাচ্ছিল, নির্মাতাদের সঙ্গে মতবিরোধের কারণেই নাকি ট্রেলার অনুষ্ঠানে আসেননি তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয় নানা আলোচনা।

তবে সব গুঞ্জনের ইতি টানলেন খোদ দিলজিৎ নিজেই। ট্রেলার প্রকাশ অনুষ্ঠানের মাঝেই বড় পর্দায় দেখানো হয় তার পাঠানো একটি পূর্বধারণ করা ভিডিও বার্তা। সেখানেই নিজের অনুপস্থিতির আসল কারণ জানিয়ে দেন অভিনেতা।



চিরচেনা প্রাণবন্ত ভঙ্গিতে দিলজিৎ বলেন, সবাইকে তার ভালোবাসা ও শুভেচ্ছা। দর্শকদের উদ্দেশে তিনি জানান, তারা যেন মন ভরে ‘ম্যাঁয় ওয়াপাস আউঙ্গা’র ট্রেলার উপভোগ করেন। এরপরই নিজের অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, এই মুহূর্তে তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাসে রয়েছেন। সেখানেই রয়েছে তার একটি বড় কনসার্ট। যে অনুষ্ঠানের সব টিকিট আগেই বিক্রি হয়ে গেছে।

দিলজিতের এই বার্তার পরই অনেকটাই থেমে যায় সব জল্পনা। পরিষ্কার হয়ে যায়, ছবির প্রচার থেকে দূরে সরে যাওয়ার কোনো সিদ্ধান্ত নেননি তিনি। বরং কাজের ব্যস্ততার কারণেই ট্রেলার অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতে পারেননি জনপ্রিয় এই শিল্পী।

বলিউডের পাশাপাশি সংগীত জগতেও সমান জনপ্রিয় দিলজিৎ দোসাঞ্জ। দেশ-বিদেশে তার কনসার্ট ঘিরে ভক্তদের উন্মাদনা নতুন কিছু নয়। আর সেই ব্যস্ততার মাঝেও নিজের নতুন ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে ভিডিও বার্তা পাঠিয়ে দর্শকদের প্রতি কৃতজ্ঞতাও জানাতে ভোলেননি তিনি।


এসএ/এসএন

মন্তব্য করুন