© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কেন কারিশ্মার ওপর ক্ষুব্ধ হয়েছিলেন সরোজ খান?

শেয়ার করুন:
কেন কারিশ্মার ওপর ক্ষুব্ধ হয়েছিলেন সরোজ খান?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৪ এএম | ২০ মে, ২০২৬
বলিউডে সরোজ খান মানেই কঠোর শৃঙ্খলা, নিখুঁত নাচ আর আপসহীন পেশাদারিত্ব। বড় বড় তারকারাও তার সামনে এসে যেন হয়ে যেতেন সাধারণ ছাত্রছাত্রী। মাধুরী দীক্ষিত, ঐশ্বর্য রাই থেকে শুরু করে বলিউডের প্রথম সারির প্রায় সব অভিনেত্রীই তার কড়া নজরদারিতে শিখেছেন নাচের সূক্ষ্মতম অভিব্যক্তি। তবে শুধু কঠোর শিক্ষক হিসেবেই নয়, নিজের টিমের প্রতি গভীর দায়িত্ববোধের কারণেও আলাদা সম্মান পেতেন প্রয়াত এই কিংবদন্তি নৃত্যপরিচালক।

সম্প্রতি সেই সরোজ খানকে ঘিরেই সামনে এসেছে এক পুরনো অজানা ঘটনা। বলিউডের প্রবীণ নৃত্যশিল্পী রুবিনা খান জানিয়েছেন, একসময় কারিশ্মা কাপুরের সঙ্গে ভয়াবহ মনোমালিন্য হয়েছিল সরোজ খানের। এমনকি সেই ঘটনার পর আর কখনও একসঙ্গে কাজও করেননি তারা।



এক সাক্ষাৎকারে রুবিনা জানান, ঘটনাটি ঘটেছিল কারিশ্মা কাপুরের একটি গানের শুটিং চলাকালে। গানের দৃশ্যে কয়েকজন জুনিয়র নৃত্যশিল্পীকে একটি গাছের ডালে লুকিয়ে থাকতে বলা হয়েছিল। দৃশ্য অনুযায়ী সবাইকে দৌড়ে এসে নির্দিষ্ট জায়গায় থামতে হতো। শুটিং চলাকালেই আচমকা ভেঙে যায় গাছের একটি ডাল। সেই ডালে থাকা এক ব্যাকগ্রাউন্ড নৃত্যশিল্পী সোজা গিয়ে পড়ে করিশ্মার ওপর।

আকস্মিক ঘটনায় আঘাত পান অভিনেত্রী। ব্যথা আর আতঙ্কে মেজাজ হারিয়ে ফেলেন তিনি। রুবিনার দাবি, এরপরই ওই জুনিয়র শিল্পীর ওপর চিৎকার শুরু করেন কারিশ্মা। তাকে অপমানজনক কথাও বলেন।

আর সেখানেই ক্ষুব্ধ হয়ে ওঠেন সরোজ খান। নিজের দলের কাউকে অপমান সহ্য করতে পারেননি তিনি। সঙ্গে সঙ্গে পরিস্থিতির মাঝে এসে দাঁড়িয়ে কারিশ্মাকে স্পষ্ট ভাষায় জানান, দুর্ঘটনাটি ইচ্ছাকৃত নয়। ছেলেটি বারবার ক্ষমা চাইছিল বলেও উল্লেখ করেন তিনি। কিন্তু পরিস্থিতি তখন এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে রাগে শুটিং ছেড়েই বেরিয়ে যান কারিশ্মা কাপুর।

রুবিনা আরও বলেন, কারিশ্মার আহত হওয়াটা অবশ্যই দুর্ভাগ্যজনক ছিল। কিন্তু একজন জুনিয়র শিল্পীর সঙ্গে এমন আচরণ মেনে নিতে পারেননি সরোজ খান। সেই ঘটনার পর তিনি নাকি সিদ্ধান্ত নিয়েছিলেন, আর কখনও কারিশ্মার জন্য নৃত্যপরিকল্পনা করবেন না। পরে বাস্তবেও তাদের আর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি।

তবে সময়ের সঙ্গে বদলেছে সম্পর্কের তিক্ততাও। ২০২০ সালে সরোজ খানের মৃত্যুর পর অতীতের সব মনোমালিন্য ভুলে আবেগঘন বার্তা দিয়েছিলেন কারিশ্মা কাপুর। সামাজিক যোগাযোগমাধ্যমে সরোজ খানের একটি ছবি প্রকাশ করে তিনি লিখেছিলেন, সত্যম হলে ঘণ্টার পর ঘণ্টা ধরে নাচ ও অভিব্যক্তি শেখার স্মৃতি তিনি কখনও ভুলবেন না। সেই শিক্ষাই তাকে জীবনে অনেক দূর এগিয়ে দিয়েছে বলেও উল্লেখ করেছিলেন অভিনেত্রী।

পেশাগত জীবনে কারিশ্মা কাপুরকে সর্বশেষ দেখা গেছে ‘মার্ডার মুবারক’ ছবিতে। পাশাপাশি নৃত্যভিত্তিক অনুষ্ঠানেও নিয়মিত উপস্থিতি রয়েছে তার। তবে বহু বছর পর ফের আলোচনায় উঠে এল বলিউডের দুই পরিচিত নামের সেই অপ্রকাশিত দ্বন্দ্বের গল্প।

এসএ/এসএন

মন্তব্য করুন