জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর- এর জন্মদিন আজ
ছবি: সংগৃহীত
১০:২৪ এএম | ২০ মে, ২০২৬
তেলুগু সিনেমার জনপ্রিয় অভিনেতা নান্দামুরি তারাকা রামা রাও, যিনি সবার কাছে জুনিয়র এনটিআর নামেই বেশি পরিচিত, আজ জন্মদিন উদযাপন করছেন। ১৯৮৩ সালের এই দিনে হায়দরাবাদে জন্ম নেওয়া অভিনেতা ছোটবেলা থেকেই ছিলেন আলোচনায়। কারণ অভিনয় যেন তার রক্তেই মিশে ছিল।
চলচ্চিত্র পরিবারে জন্ম নেওয়া জুনিয়র এনটিআর খুব অল্প বয়সেই ক্যামেরার সামনে দাঁড়ান। শিশুশিল্পী হিসেবেই শুরু হয় তার অভিনয়যাত্রা। ছোটবেলার সেই উপস্থিতিতেই নজর কাড়েন দর্শকদের। তবে সময়ের সঙ্গে নিজেকে শুধু পারিবারিক পরিচয়ের গণ্ডিতে আটকে রাখেননি তিনি। নিজের অভিনয় দক্ষতা, নাচ এবং পর্দা কাঁপানো উপস্থিতি দিয়ে ধীরে ধীরে গড়ে তোলেন আলাদা পরিচয়।

নায়ক হিসেবে তার প্রথম আলোচিত সিনেমা ছিল ‘স্টুডেন্ট নাম্বার ওয়ান’। ছবিটি মুক্তির পরই তরুণ দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। এরপর একের পর এক বাণিজ্যিক সফল সিনেমা উপহার দিয়ে তেলুগু চলচ্চিত্রের অন্যতম নির্ভরযোগ্য তারকায় পরিণত হন জুনিয়র এনটিআর।
তবে তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় ‘আরআরআর’। পরিচালক এস এস রাজামৌলির এই সিনেমায় অভিনয় করে শুধু দক্ষিণ ভারত নয়, বিশ্বজুড়েই পরিচিতি পান তিনি। ছবির অ্যাকশন, আবেগ আর নাচের দৃশ্যে তার উপস্থিতি দর্শকদের মুগ্ধ করে। বিশেষ করে ছবির গান ও নাচ আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনায় আসে।
অভিনয়ের পাশাপাশি নাচের দক্ষতার কারণেও আলাদা প্রশংসা কুড়িয়েছেন জুনিয়র এনটিআর। তেলুগু সিনেমার বাণিজ্যিক ধারায় তিনি এখন অন্যতম বড় ভরসার নাম। জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে ভক্তদের শুভেচ্ছা আর ভালোবাসায় ভাসছেন এই জনপ্রিয় অভিনেতা।
এসএ/এসএন