© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দীর্ঘ বিরতির পর কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন মধুরিমা

শেয়ার করুন:
দীর্ঘ বিরতির পর কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন মধুরিমা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৮ এএম | ২০ মে, ২০২৬
গত এক বছরে তাকে খুব একটা দেখা যায়নি টেলিভিশনের পর্দায়। একসময় বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ মধুরিমা বসাক হঠাৎ করেই যেন নিজেকে আড়ালে সরিয়ে নিয়েছিলেন। তাই স্বাভাবিকভাবেই দর্শকদের মনে প্রশ্ন ছিল, কোথায় আছেন অভিনেত্রী? কবে ফিরবেন নতুন কাজে? সম্প্রতি মহাকাল মন্দিরে তার কিছু ছবি সামনে আসতেই সেই কৌতূহল যেন আরও বেড়ে যায়।

১৮ মে ছিল মধুরিমার জন্মদিন। তবে অন্য বছরের মতো এবারও দিনটি একেবারে নিজের মতো করেই কাটিয়েছেন তিনি। বাবাকে সঙ্গে নিয়ে মহাকাল মন্দিরে পুজো দিয়েছেন অভিনেত্রী। জন্মদিনে কাজ থেকে দূরে থাকাই তার বহুদিনের অভ্যাস। মধুরিমার কথায়, এই দিনটি তিনি সবসময় নিজের জন্য রাখতে চান। শুটিং থাকলেও জন্মদিনে ছুটি নেন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি।

দীর্ঘদিন কাজ থেকে দূরে থাকার কারণও খোলাখুলিভাবে জানিয়েছেন অভিনেত্রী। ২০২৫ সালে তিনি কোনো নতুন কাজ করেননি। কারণ হিসেবে জানিয়েছেন মানসিক প্রস্তুতির অভাবের কথা। মধুরিমা বলেন, নতুন কোনো কাজ শুরু করার মতো অবস্থায় তিনি ছিলেন না। তবে এখন তিনি আবার প্রস্তুত। নতুনভাবে কাজ শুরু করতে চান।



বাংলা ধারাবাহিকের দর্শকদের কাছে মধুরিমা বরাবরই পরিচিত খলচরিত্রের জন্য। তবে এত বছর কাজ করার পরও ইন্ডাস্ট্রিতে খুব বেশি সুযোগ পাননি বলে আক্ষেপ রয়েছে তার। প্রথম সারির একাধিক প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করলেও প্রত্যাশামতো কাজের সুযোগ আসেনি বলেই মনে করেন অভিনেত্রী। সেই কারণেই আপাতত বাংলা ছোটপর্দায় ফেরার পরিকল্পনা নেই তার।

দীর্ঘ সময় কাজের বাইরে থাকায় আর্থিক চাপও তৈরি হয়েছিল। সেই কঠিন সময়ের কথাও অকপটে স্বীকার করেছেন মধুরিমা। তবে মা-বাবার সমর্থন থাকায় পরিস্থিতি সামলাতে পেরেছেন বলে জানিয়েছেন তিনি।

এখন নতুন করে নিজেকে গুছিয়ে নিতে চাইছেন অভিনেত্রী। মহাকাল মন্দিরে গিয়ে ভবিষ্যতে ভালো কাজের সুযোগ পাওয়ার প্রার্থনাও করেছেন। মুম্বইয়ে যেকোনো মাধ্যমে কাজ করতে প্রস্তুত বলেও জানিয়েছেন মধুরিমা। সব মিলিয়ে দীর্ঘ বিরতির পর নতুন পথচলার আভাস দিচ্ছেন এই অভিনেত্রী।

এসএ/এসএন

মন্তব্য করুন