অমিতাভের অসুস্থতার খবরে উদ্বিগ্ন অনুরাগীরা
ছবি: সংগৃহীত
১১:১৪ এএম | ২০ মে, ২০২৬
বলিউডের ‘শাহেনশা’ অমিতাভ বচ্চনকে ঘিরে ফের শুরু হয়েছে উদ্বেগ। ৮৩ বছর বয়সী এই অভিনেতা অসুস্থ হয়ে মুম্বাইয়ের একটি প্রথম সারির হাসপাতালে গিয়েছেন- এমন খবর ছড়িয়ে পড়তেই মঙ্গলবার সকাল থেকে সরগরম হয়ে ওঠে বলিপাড়া। সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয় জল্পনা। প্রিয় অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা।
খবর ছড়িয়ে পড়ে, গত ১৬ মে হাসপাতালে যেতে হয়েছিল অমিতাভকে। এরপর থেকেই নানা মহলে শুরু হয় আলোচনা। কেউ বলছেন, বয়সজনিত সমস্যার কারণেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। আবার কেউ দাবি করছেন, এটি ছিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা।
এই গুঞ্জনের সত্যতা জানতে যোগাযোগ করা হয়েছিল পরিচালক- প্রযোজক সুজিত সরকারের সঙ্গে। অমিতাভ বচ্চনের ঘনিষ্ঠদের মধ্যে একজন তিনি। ‘পিকু’, ‘পিঙ্ক’ ও ‘গুলাবো সিতাবো’র মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন তারা। তবে সুজিত জানান, তিনি এই মুহূর্তে শহরের বাইরে রয়েছেন এবং বিষয়টি সম্পর্কে কিছু জানেন না।

অন্যদিকে মুম্বাইয়ের একটি সূত্র দাবি করেছে, পাচনতন্ত্রের কিছু সমস্যায় ভুগছিলেন অমিতাভ। সেই কারণেই হাসপাতালে যেতে হয়েছিল তাকে। এমনকি কিছু সময়ের জন্য ভর্তি থাকতেও হতে পারে বলে জানা গেছে। খবর পেয়ে তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন ছেলে অভিষেক বচ্চনও।
তবে পুরো বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি বচ্চন পরিবার। মুম্বইয়ের কয়েকটি সংবাদমাধ্যম আবার দাবি করেছে, অসুস্থতার কারণে নয়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্যই হাসপাতালে গিয়েছিলেন অমিতাভ। একই দিন বাড়িতেও ফিরে আসেন তিনি।
এমনকি পরদিন রবিবার নিজেই গাড়ি চালিয়ে ‘জলসা’ থেকে বের হয়ে ‘ঝনক’-এ পৌঁছেছেন বলেও খবর প্রকাশ হয়েছে। ফলে তার শারীরিক অবস্থা নিয়ে তৈরি হওয়া উদ্বেগের মাঝেও অনেকে মনে করছেন, পরিস্থিতি খুব গুরুতর নয়।
তবে বলিউডের এই কিংবদন্তি অভিনেতাকে নিয়ে সামান্য গুঞ্জনও যে ভক্তদের দুশ্চিন্তায় ফেলে দেয়, সেটাই আবার স্পষ্ট হলো এই ঘটনায়।
এসএ/এসএন