প্রকাশ পেয়েছে জুনিয়র এনটিআর-এর নতুন সিনেমা ‘ড্রাগন’র ঝলক
ছবি: সংগৃহীত
০২:২৫ পিএম | ২০ মে, ২০২৬
দক্ষিণ ভারতের সুপারস্টার, ‘আরআরআর’ খ্যাত অভিনেতা জুনিয়র এনটিআর। পর্দায় যার উপস্থিতি মানেই বিস্ফোরক অ্যাকশন আর তুমুল উন্মাদনা। এবার সেই এনটিআর হাজির হচ্ছেন আরও ভয়ংকর আরও আগ্রাসী এক রূপে।
প্রকাশ পেয়েছে তার নতুন সিনেমা ‘ড্রাগন’র প্রথম ঝলক। আর এই এক ঝলকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। সিনেমাটি পরিচালনা করেছেন ‘কেজিএফ’, ‘সালার’-এর মতো ব্লকবাস্টার সিনেমার নির্মাতা প্রশান্ত নীল।
প্রিলিউড গ্লিম্পসে দেখা গেছে টান টান উত্তেজনাপূর্ণ এক গল্পের আভাস। যেখানে তুলে ধরা হয়েছে আফিম ব্যবসাকে ঘিরে গড়ে ওঠা অন্ধকার এক সাম্রাজ্যকে। সেই সাম্রাজ্যে জুনিয়র এনটিআর যেন এক ভয়ংকর শক্তি। কখনও মৃতদেহের পাহাড়ের ওপর দাঁড়িয়ে, কখনও আগুনঝরা বন্দুক হাতে শত্রুদের গুঁড়িয়ে দিতে দেখা যায় তাকে।

গ্লিম্পসের প্রতিটি ফ্রেমে রয়েছে প্রাশান্ত নীলের পরিচিত সেই ডার্ক টোন, ধোঁয়াটে পরিবেশ আর বিশাল ক্যানভাসের অ্যাকশন। সিনেমাতে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে বলিউডের আরেক জনপ্রিয় মুখ অনিল কাপুরকে।
তবে দর্শকদের একাংশ বলছেন, ‘ড্রাগন’-এ নাকি ‘কেজিএফ’ আর ‘সালার’-এর ছায়া স্পষ্ট। যদিও ভক্তদের দাবি এই সিনেমাই হতে যাচ্ছে জুনিয়র এনটিআরের ক্যারিয়ারের সবচেয়ে বিস্ফোরক অ্যাকশন ফিল্ম। শুধু তাই নয়, নির্মাতা নীল ‘কেজিএফ’, ‘সালার’ এর দর্শকদের জন্য এ সিনেমায় রেখেছেন একাধিক নতুন চমক।
তেলেগু, হিন্দি, তামিল, কন্নড় ও মালায়লাম- এই পাঁচ ভাষায় নির্মিত হয়েছে‘ড্রাগন’। প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে ২০২৭ সালের ১১ জুন।
এসএ/এসএন