© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আবারও বিচারের মুখোমুখি ইরানি নির্মাতা জাফর পানাহি

শেয়ার করুন:
আবারও বিচারের মুখোমুখি ইরানি নির্মাতা জাফর পানাহি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪১ পিএম | ২০ মে, ২০২৬

ইরান সরকারের সেন্সরশিপ ও নিষেধাজ্ঞার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করে আসা বিশ্বখ্যাত নির্মাতা জাফর পানাহি আবারও আইনি জটিলতায় পড়েছেন। তেহরানের একটি বিপ্লবী আদালত তার বিরুদ্ধে নতুন করে বিচারপ্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে।


ইরানি বার্তা সংস্থা আইএসএনএ ও হলিউড রিপোর্টারের তথ্য অনুযায়ী, পানাহির বিরুদ্ধে ‘রাষ্ট্রবিরোধী প্রচারণা’ এবং অনুমোদন ছাড়াই চলচ্চিত্র নির্মাণ করে আন্তর্জাতিক উৎসবে পাঠানোর অভিযোগ পুনরায় তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে শুনানির জন্য ২০ মে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাকে।

খবরটি প্রকাশ্যে আসার পর আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কান চলচ্চিত্র উৎসব, বার্লিনেল, ইউরোপীয় ফিল্ম একাডেমি এবং মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইরান সরকারের এই পদক্ষেপের সমালোচনা করেছে। তাদের দাবি, স্বাধীনচেতা শিল্পীদের কণ্ঠরোধ করতেই বিচারব্যবস্থাকে ব্যবহার করা হচ্ছে।



দীর্ঘদিন ধরেই জাফর পানাহির ওপর সিনেমা নির্মাণ ও বিদেশ সফরের নিষেধাজ্ঞা রয়েছে। এর আগেও একাধিকবার গ্রেফতার হন তিনি। সর্বশেষ ২০২২ সালের জুলাইয়ে গ্রেফতার হওয়ার পর প্রায় সাত মাস কারাগারে ছিলেন। পরে অনশন শুরু করলে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে জামিনে মুক্তি পান।

কারামুক্ত হওয়ার পর গোপনে নির্মাণ করেন ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’। সিনেমাটি ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নেয়। পাশাপাশি অস্কার ও গোল্ডেন গ্লোবসহ বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কারের জন্য মনোনয়ন পায়।

গত বছরের শেষ দিকে আন্তর্জাতিক প্রচারণার কাজে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন পানাহি। এ সময় তার অনুপস্থিতিতেই ইরানের বিপ্লবী আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও দুই বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়। সেই ঝুঁকি নিয়েই গত ৩১ মার্চ ইরানে ফিরে যান তিনি।


এসএ/এসএন

মন্তব্য করুন