‘ধুরন্ধর’-এর সাফল্যের পর কার সঙ্গে তিন ঘণ্টা ধরে ফোনালাপ করলেন রণবীর?
ছবি: সংগৃহীত
০৩:০১ পিএম | ২০ মে, ২০২৬
বলিউডে এমন অনেক মানুষ আছেন যারা আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেও নিজেকে আড়ালে রাখতেই স্বচ্ছন্দ। তাদের মধ্যে অন্যতম প্রযোজক আদিত্য চোপড়া। ক্যামেরার সামনে আসা তো দূরের কথা, ঘনিষ্ঠ মহল ছাড়া কারও সঙ্গে খুব বেশি কথাও বলেন না তিনি- এমনটাই প্রচলিত বলিপাড়ায়। এমনকি ফোনে দীর্ঘ সময় কথা বলতেও নাকি তার অনীহা। তবে সম্প্রতি সেই আদিত্য চোপড়াকেই ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা।
শোনা যাচ্ছে, অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে টানা তিন ঘণ্টা ফোনে কথা বলেছেন আদিত্য। আর এই খবর প্রকাশ্যে আসতেই সরগরম হয়ে উঠেছে বলিউডের অন্দরমহল। কারণ, আদিত্যর মতো প্রচারবিমুখ একজন মানুষের দীর্ঘ ফোনালাপ নিজেই এখন বড় আলোচনার বিষয়।
রণবীর সিংয়ের সঙ্গে আদিত্য চোপড়ার সম্পর্ক বহু দিনের। ২০১০ সালে ‘ব্যান্ড বাজা বরাত’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল রণবীরের। সেই ছবির প্রযোজক ছিলেন আদিত্য। এরপর দীর্ঘ সময় ‘যশরাজ ফিল্মস’-এর তত্ত্বাবধানেই এগিয়েছে রণবীরের ক্যারিয়ার। কোন ছবি করবেন, কত পারিশ্রমিক নেবেন কিংবা কোন অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধবেন- এমন অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও নাকি সরাসরি নজর থাকত আদিত্যর।
বলিপাড়ায় এমন কথাও প্রচলিত ছিল, রণবীরকে নিয়ে বিশেষ পরিকল্পনা তৈরি করে কাজ করত ‘যশরাজ’-এর টিম। এমনকি রোহিত শেট্টি যখন ‘সিম্বা’ ছবির জন্য রণবীরকে বেছে নেন, তখনও নাকি আদিত্যর অনুমতি নিতে হয়েছিল।
তবে সময়ের সঙ্গে বদলাতে থাকে সম্পর্কের সমীকরণ। ‘জয়েশভাই জোরদার’সহ কয়েকটি ছবি প্রত্যাশিত সাফল্য না পাওয়ার পর রণবীর নতুন পথ খুঁজতে শুরু করেন বলে শোনা যায়। ২০২২ সালের শেষ দিকে তিনি ‘যশরাজ’ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন বলেও গুঞ্জন রয়েছে। অন্যদিকে আদিত্যও নাকি তাকে নতুন সুযোগ খুঁজে নেওয়ার স্বাধীনতা দিয়েছিলেন।

এখন আবার নতুন করে আলোচনায় এসেছে তাদের সম্পর্ক। সম্প্রতি আদিত্য ধরের সঙ্গে রণবীরের নতুন ছবি ‘ধুরন্ধর’ ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। সেই আবহেই নাকি আদিত্য চোপড়াকে ফোন করেন অভিনেতা। এরপরই হয় দীর্ঘ ফোনালাপ। শুধু তাই নয়, পরে নাকি একটি গোপন বৈঠকও হয়েছে তাদের মধ্যে।
সব মিলিয়ে বলিউডে এখন একটাই প্রশ্ন- বহুদিন পর আবার কি একসঙ্গে কাজ করতে চলেছেন আদিত্য চোপড়া ও রণবীর সিং? যদিও পুরো বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তাদের কেউই।
এসএ/এসএন