বলিউডের সিন্ডিকেট নিয়ে মুখ খুললেন সঙ্গীতশিল্পী আমাল মালিক
ছবি: সংগৃহীত
০৪:৫০ পিএম | ২০ মে, ২০২৬
বলিউডের ঝলমলে দুনিয়ার আড়ালে যে জটিল রাজনীতি আর ক্ষমতার লড়াই লুকিয়ে থাকে, তা নিয়ে মাঝেমধ্যেই মুখ খোলেন তারকারা। এবার সেই তালিকায় নাম লেখালেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও গায়ক আমাল মালিক। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এমন কিছু মন্তব্য করেছেন, যা ঘিরে নতুন করে তোলপাড় শুরু হয়েছে বলিপাড়ায়।
আমাল সরাসরি অভিযোগ করেছেন, বলিউডের কিছু প্রভাবশালী মানুষ জোট বেঁধে তাঁর কেরিয়ারের ক্ষতি করার চেষ্টা করছেন। তাঁর দাবি, ইন্ডাস্ট্রিতে এমন এক ধরনের সিন্ডিকেট কাজ করে, যারা নিজেদের প্রভাব বজায় রাখতে অন্যদের নিয়ন্ত্রণ করতে চায়। আর সেই কারণেই তাঁর মতো স্বাধীনভাবে কাজ করা শিল্পীদের নানা বাধার মুখে পড়তে হয়।
সাক্ষাৎকারে আমাল বলেন, তিনি কোনও নির্দিষ্ট গোষ্ঠীর অংশ নন। নিজের শর্তে কাজ করতে ভালোবাসেন বলেই অনেকের চোখে তিনি অস্বস্তির কারণ হয়ে উঠেছেন। তাঁর কথায়, এই দলবাজির জন্য অনেক ভালো কাজও আটকে যাচ্ছে এবং স্বাভাবিকভাবে এগিয়ে যাওয়ার পথ কঠিন হয়ে পড়ছে।

বলিউডের অন্দরমহলে ক্ষমতার এই রাজনীতি নতুন কিছু নয়। এর আগেও একাধিক শিল্পী ইঙ্গিত দিয়েছেন যে, সুযোগ পাওয়ার ক্ষেত্রেও অনেক সময় সম্পর্ক আর গোষ্ঠীর প্রভাব কাজ করে। তবে আমালের মতো প্রতিষ্ঠিত একজন সুরকারের এমন সরাসরি অভিযোগ নতুন করে সেই বিতর্ককে আরও উসকে দিল।
আমালের এই মন্তব্য সামনে আসতেই সমাজমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। অনেকেই তাঁর সাহসী বক্তব্যকে সমর্থন জানিয়েছেন। আবার কেউ কেউ মনে করছেন, বলিউডের ভেতরের বাস্তব চিত্রটাই সামনে এনেছেন এই জনপ্রিয় সঙ্গীত পরিচালক। দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ থেকেই হয়তো এবার প্রকাশ্যে বিস্ফোরণ ঘটালেন তিনি।
পিআর/টিএ