অভিনেতা সোহমকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ এবং হুমকি
ছবি: সংগৃহীত
০৫:৪৮ পিএম | ২০ মে, ২০২৬
মঙ্গলবার রাতে প্রাণনাশের হুমকি পেয়েছেন টালিউড অভিনেতা সোহম চক্রবর্তী। পুরনো একটি চলচ্চিত্রসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক প্রযোজকের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন তিনি।
ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেতা।
ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সোহম জানান, ১৯ মে মঙ্গলবার রাতে তাঁকে একটি ফোন করা হয়, যেখানে তাঁকে গালিগালাজের পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

তাঁর দাবি, ফোনটি করেছিলেন প্রযোজক তরুণ দাস, যাঁর সঙ্গে ২০১৮ সালের একটি বাংলা ছবিতে কাজ করার কথা ছিল তাঁর।
অভিনেতা জানান, মহুয়া চক্রবর্তী পরিচালিত ওই ছবিতে কাজের জন্য তাঁর কাছ থেকে ১৫ লাখ রুপি অগ্রিম নেওয়া হয়েছিল।
তবে কিছুদিন পর পরিচালক নিজেই তাঁকে জানান, প্রযোজকের আচরণ ভালো না হওয়ায় তিনি কাজটি থেকে সরে দাঁড়ান। এরপর দীর্ঘ আট বছর পেরিয়ে গেলেও সেই সিনেমার কাজ আর এগোয়নি।
সোহম বলেন, সম্প্রতি ওই প্রযোজক তাঁর কাছ থেকে দেওয়া ১৫ লাখ রুপি ফেরত চান। তবে তাঁর দাবি, নিয়ম অনুযায়ী শুটিং বা প্রজেক্ট বাতিল না হলে অগ্রিম টাকা ফেরত দেওয়ার নিয়ম নেই।
অন্যদিকে প্রযোজক তরুণ দাসের দাবি, শুটিংয়ের জন্য বারবার তারিখ চাওয়া হলেও অভিনেতা সময় দিতে পারেননি, যার কারণে সিনেমাটি তৈরি হয়নি।
তবে এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন সোহম। তাঁর কথা, তিনি যথেষ্ট সময় দিয়েছিলেন এবং ইচ্ছাকৃতভাবে কাজ বন্ধ করা হয়নি।
অভিনেতার অভিযোগ, সম্প্রতি টাকা ফেরত না দেওয়ায় প্রযোজক তাঁর অফিসে গিয়ে চাপ সৃষ্টি করেন। পরবর্তীতে মঙ্গলবার রাতে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
পিআর/টিএ