© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অপরাধীর ‘রুহ কাঁপানো বিচার’ চান ইরফান সাজ্জাদ

শেয়ার করুন:
অপরাধীর ‘রুহ কাঁপানো বিচার’ চান ইরফান সাজ্জাদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩০ পিএম | ২০ মে, ২০২৬
রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন শোবিজ অঙ্গনের তারকারাও।

এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ।

নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন,“সম্ভবত এই মুহূর্তে মেয়েদের জন্য, বিশেষ করে মেয়ে শিশুদের জন্য সবচেয়ে বিপদজনক দেশ হলো বাংলাদেশ! শুধু গ্রেপ্তার করে সান্ত্বনা দিবেন আর বিচারের কোনো নাম নাই, এই সার্কাস আর কতদিন?”



তিনি আরও লেখেন,“বিচার এমনভাবে করা উচিত যাতে এই ধরনের অপরাধ করার আগে অপরাধীর রূহ কাপে….”

পোস্টের শেষাংশে তিনি দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশেও আবেদন জানিয়ে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী, একজন মেয়ের বাবা হিসেবে আপনি সকল বাবাদের ভয় এবং আতঙ্কের কথাটা বুঝতে পারবেন বলে আশা করি।”

মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে শিশু রামিসার মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে উদ্ধার করা হয় তার খণ্ডিত মাথা। নিহত রামিসা স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

এ ঘটনায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, নির্যাতনের বিষয়টি প্রকাশ হয়ে যাওয়ার ভয়েই শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে আলামত গোপন ও মরদেহ গুম করার উদ্দেশ্যে তার মাথা ও হাত বিচ্ছিন্ন করা হয়।

ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটির সঙ্গে বিকৃত যৌন আচরণ বা ধর্ষণের ঘটনা ঘটেছে। তবে বিষয়টি ময়নাতদন্ত ও কেমিক্যাল পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ আরও জানায়, অভিযুক্ত দম্পতি মাত্র দুই মাস আগে ওই ভবনে ভাড়া ওঠেন। ঘটনার সময় শিশুটির মা মেয়েকে খুঁজতে গিয়ে অভিযুক্তদের ফ্ল্যাটের সামনে রামিসার স্যান্ডেল দেখতে পান। তখন ভেতরে হত্যাকাণ্ড চলছিল বলে ধারণা করছে পুলিশ।

এই নির্মম ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিচার দাবিতে সরব হয়েছেন সাধারণ মানুষ। অনেকেই শিশু ও নারীর নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছেন।

কেএন/এসএন



মন্তব্য করুন