বাগদান সারলেন সৌরভ-শুভস্মিতা
ছবি: সংগৃহীত
০৮:৪৩ পিএম | ২০ মে, ২০২৬
টলিপাড়ার অন্দরমহলে বেশ কিছুদিন ধরেই ঘুরছিল এক গুঞ্জন। জনপ্রিয় ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’র জুটি সৌরভ চক্রবর্তী ও শুভস্মিতা মুখোপাধ্যায়ের সম্পর্ক নাকি শুধুই পর্দায় আটকে নেই। সমাজমাধ্যমে তাঁদের একসঙ্গে কাটানো মুহূর্ত, নানা ইঙ্গিতপূর্ণ পোস্ট আর কাছাকাছি থাকার ছবিগুলো বারবার উসকে দিয়েছিল প্রেমের জল্পনা। অবশেষে সেই গুঞ্জনেই এবার সিলমোহর দিলেন তারকারা নিজেরাই।
সম্প্রতি বাগদানের একাধিক ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন সৌরভ ও শুভস্মিতা। সেই ছবিতেই স্পষ্ট, সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিয়ে গেছেন তাঁরা। জানা গেছে, চলতি মাসের ১০ তারিখ ঘরোয়া আয়োজনে পরিবার ও কাছের মানুষদের উপস্থিতিতে আশীর্বাদ পর্ব সম্পন্ন হয়েছে এই তারকাজুটির।
বাগদানের দিন লাল কাঞ্জিভরম শাড়িতে শুভস্মিতাকে যেমন মোহময়ী লাগছিল, তেমনই পাঞ্জাবি-পায়জামায় নজর কেড়েছেন সৌরভও। তবে শুধু ছবি নয়, তাঁদের পোস্টের ক্যাপশনেও ধরা পড়েছে গভীর ভালোবাসার ছাপ। দু’জনেই জানিয়েছেন, এই সম্পর্ক যেন বহু জন্মের চেনা। একে অপরকে উদ্দেশ করে আবেগঘন বার্তায় তাঁরা লিখেছেন, এই জীবনের অস্তিত্বের আগেও যেন ভালোবেসে এসেছেন একে অপরকে।
টেলিভিশনের পর্দায় ‘দীপ’ আর ‘ঝাঁপি’র রসায়ন দর্শকদের কাছে বরাবরই জনপ্রিয়। সেই সম্পর্ক বাস্তব জীবনেও জায়গা করে নিয়েছে অনেক আগেই, এমন গুঞ্জন ছিল স্টুডিওপাড়ায়। এবার বাগদানের খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীদের উচ্ছ্বাস যেন আরও বেড়ে গেছে।

এখন সবচেয়ে বড় প্রশ্ন, কবে বসছে বিয়ের আসর? টলিপাড়ার সূত্র বলছে, ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিক শেষ হওয়ার পরই সাতপাকে বাঁধা পড়তে পারেন সৌরভ চক্রবর্তী ও শুভস্মিতা মুখোপাধ্যায়। যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তাঁরা। তবে প্রেম থেকে বাগদান সবকিছু যেভাবে এগোচ্ছে, তাতে খুব শিগগিরই টলিপাড়ায় বেজে উঠতে পারে বিয়ের সানাই।
পিআর/টিএ