রাগের মাথায় রণবীরকে পুকুরে ফেলে দিতে যাচ্ছিলেন সালমান!
ছবি: সংগৃহীত
১০:৪২ পিএম | ২০ মে, ২০২৬
বলিউডে সালমান খানের মেজাজ নিয়ে আলোচনা নতুন নয়। কখনও তিনি উদার মনের মানুষ হিসেবে প্রশংসা পান, আবার কখনও তাঁর রাগী স্বভাব নিয়ে তৈরি হয় বিতর্ক। সম্প্রতি হাসপাতাল থেকে বের হওয়ার সময় আলোকচিত্রীদের ওপর ক্ষোভ প্রকাশ করায় আবারও আলোচনায় আসেন এই অভিনেতা। তবে এর মাঝেই সামনে এসেছে বহু বছর আগের এক চমকপ্রদ ঘটনা, যেখানে তাঁর রাগের মুখে পড়েছিলেন অভিনেতা রণবীর কাপুর।
ঘটনাটি সেই সময়ের, যখন রণবীর সদ্য বিদেশ থেকে চলচ্চিত্র নিয়ে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছেন। মুম্বাইয়ের বান্দ্রার এক জনপ্রিয় পানশালা ও রেস্তরাঁয় নিয়মিত যাতায়াত ছিল বলিউড তারকাদের। সেখানেই এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমান খানও। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেদিন তরুণ রণবীর বারবার সালমানের পিছু নিচ্ছিলেন। অভিনেতা যেদিকেই যাচ্ছিলেন, রণবীরও সেখানেই তাঁর সঙ্গে থাকার চেষ্টা করছিলেন।

প্রথমে বিষয়টি স্বাভাবিকভাবেই নিয়েছিলেন সালমান। কিন্তু একসময় নাকি বিরক্ত হয়ে পড়েন তিনি। রাগের মাথায় আচমকাই রণবীরকে কোলে তুলে পাশের একটি পুকুরের দিকে এগিয়ে যান। পরিস্থিতি দেখে ছুটে আসেন সালমানের দুই ভাই। তাঁরাই সালমানকে থামিয়ে জানান, যাকে তিনি তুলে নিয়েছেন তিনি ঋষি কাপুরের ছেলে।
এরপরই নাকি জ্ঞান ফেরে সালমানের। সঙ্গে সঙ্গে রণবীরকে নামিয়ে দিয়ে ক্ষমা চান তিনি। শুধু সেখানেই শেষ নয়, পরে রণবীরকে একটি দামি ঘড়িও উপহার দেন অভিনেতা। এমনকি ঋষি কাপুরের বাড়িতে গিয়েও পুরো ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছিলেন বলে জানা যায়।
বলিউডের অন্দরমহলের এই পুরোনো গল্প নতুন করে সামনে আসতেই তা নিয়ে আবারও শুরু হয়েছে চর্চা। অনেকেই বলছেন, সালমানের রাগ যতটা চর্চিত, ঠিক ততটাই আলোচিত তাঁর ভুল বুঝতে পারলে ক্ষমা চাওয়ার মানসিকতাও। আর সেই কারণেই হয়তো এত বিতর্কের মাঝেও বলিপাড়ায় নিজের আলাদা জায়গা ধরে রেখেছেন তিনি।
পিআর/টিএ