© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

একা থাকাটাও এক ধরনের শক্তি: খুশবু পাটানী

শেয়ার করুন:
একা থাকাটাও এক ধরনের শক্তি: খুশবু পাটানী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫০ পিএম | ২০ মে, ২০২৬
দেশজুড়ে একের পর এক নারীনির্যাতন ও পণপ্রথাজনিত মৃত্যুর ঘটনায় যখন ক্ষোভ বাড়ছে, ঠিক তখনই সমাজব্যবস্থা ও বিয়ে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী দিশা পাটানীর দিদি খুশবু পাটানী। সম্প্রতি তাঁর কিছু বক্তব্য ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

কিছুদিন ধরেই অভিনেত্রী মৌনী রায়ের ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে সমাজমাধ্যমে। সেই বিতর্কে দিশা পাটানীর নামও জড়িয়ে পড়ে। এমনকি মৌনীর সংসার ভাঙার জন্যও দিশাকে দায়ী করে নানা মন্তব্য করতে দেখা যায় নেটদুনিয়ার একাংশকে। এর মাঝেই মেয়েদের হয়ে সরব হলেন খুশবু।

সম্প্রতি এক আলোচনায় তিনি প্রশ্ন তোলেন, মেয়েদের জন্য বিয়ে আদৌ কতটা প্রয়োজনীয়। তাঁর বক্তব্য, সমাজ এখনও একা থাকা মেয়েদের সহজভাবে নিতে পারে না। আর সেই কারণেই অনেক নারী শুধুমাত্র সমাজের ভয়েই এমন সম্পর্কে জড়িয়ে পড়েন, যেখানে তাঁরা সুখী নন।

খুশবু বলেন, মানুষ সবসময় ভাবে অন্যেরা কী বলবে। কিন্তু একা থাকাটাও এক ধরনের শিল্প। যদি কেউ নিজের মতো থেকে সুখে থাকতে পারে, সেটাই আসল ভালো থাকা। তিনি আরও বলেন, সমাজে এখনও বহু নারী পণপ্রথা ও মানসিক চাপে জীবন হারাচ্ছেন, অথচ এই বাস্তবতা বদলানোর জন্য যথেষ্ট পরিবর্তন আসছে না।



ভারতীয় সেনাবাহিনীতে কাজ করা খুশবু নিজের বক্তব্যে স্পষ্ট করেছেন, মেয়েদের নিজেদের জীবন নিয়ে স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকা উচিত। তাঁর দাবি, বিয়ে না করলেও একজন নারী পূর্ণ জীবন যাপন করতে পারেন।

একই সঙ্গে তিনি জানান, তাঁর বোন দিশাও বর্তমানে একাই আছেন এবং নিজের জীবন নিজের মতো করেই এগিয়ে নিয়ে যাচ্ছেন। খুশবুর এই মন্তব্য সামনে আসতেই সমাজমাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক। কেউ তাঁর বক্তব্যকে সাহসী বলে প্রশংসা করছেন, আবার কেউ মনে করছেন, বিয়ে প্রতিষ্ঠানকে ঘিরে এমন মন্তব্য নতুন বিতর্কের জন্ম দেবে।

পিআর/টিএ

মন্তব্য করুন