বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন ভারতী!
ছবি: সংগৃহীত
১০:৫৬ পিএম | ২০ মে, ২০২৬
টেলিভিশনের জনপ্রিয় তারকাদম্পতি ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়াকে নিয়ে নতুন করে শুরু হয়েছে জোর গুঞ্জন। খবর ছড়ায়, হর্ষ নাকি আলাদা একটি বাড়ি ভাড়া নিয়ে থাকছেন। আর সেই খবর সামনে আসতেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে তাঁদের দাম্পত্য ভাঙনের জল্পনা।
দীর্ঘ নয় বছরের সংসার ভারতী ও হর্ষের। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পেশাগত ক্ষেত্র দুই জায়গাতেই একে অপরের সঙ্গী তাঁরা। একসঙ্গে একাধিক অনুষ্ঠান সঞ্চালনা করেছেন এই জুটি। সম্প্রতি দ্বিতীয়বার মা হয়েছেন ভারতী। এর মাঝেই হর্ষের আলাদা থাকার খবর ঘিরে প্রশ্ন উঠতে শুরু করে তাঁদের সম্পর্ক নিয়ে।

সম্প্রতি অভিনেত্রী নেহা ধুপিয়ার এক অনুষ্ঠানে হাজির হয়ে হর্ষ নিজেই জানান, তিনি অন্যত্র একটি বাড়ি ভাড়া নিয়েছেন। তবে সেই কারণ হিসেবে তিনি সংসারে অশান্তির কথা নয়, বরং শান্ত পরিবেশে কাজ করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। হর্ষের দাবি, বাড়িতে শিশুদের চঞ্চলতা ও নানা ব্যস্ততার কারণে মনোযোগ দিয়ে কাজ করা কঠিন হয়ে উঠছিল। তাই লেখাপড়ার জন্য নিরিবিলি একটি জায়গার প্রয়োজন হয়েছিল তাঁর।
তবে সেই মন্তব্যের পর থেকেই নেটদুনিয়ায় শুরু হয় বিচ্ছেদের গুঞ্জন। অনেকেই মনে করতে থাকেন, সম্পর্কের টানাপোড়েন থেকেই হয়তো আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন হর্ষ। অবশেষে সেই জল্পনায় পানি ঢাললেন ভারতী নিজেই।
স্পষ্ট ভাষায় ভারতী জানান, তাঁদের বিচ্ছেদ হচ্ছে না। তিনি বলেন, তাঁরা একে অপরের থেকে আলাদা হবেন শুধু মৃত্যুর দিন। ভারতীর এই মন্তব্যের পর অনেকটাই থেমেছে গুঞ্জন। অনুরাগীদের একাংশও স্বস্তি প্রকাশ করেছেন।
বলিপাড়ায় সম্পর্ক ভাঙনের খবর নতুন কিছু নয়। তবে ভারতী ও হর্ষ বরাবরই নিজেদের সম্পর্কের আন্তরিকতা ও বন্ধুত্বের জন্য দর্শকদের কাছে আলাদা জায়গা করে নিয়েছেন। আর সেই কারণেই তাঁদের ঘিরে সামান্য গুঞ্জনও দ্রুত আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
পিআর/টিএ