সিনেমা ব্যর্থ হওয়াকে ‘সন্তান হারানো’র সঙ্গে তুলনা করলেন আমির
ছবি: সংগৃহীত
১১:০১ পিএম | ২০ মে, ২০২৬
বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান বরাবরই নিজের কাজ নিয়ে ভীষণ আবেগপ্রবণ। পর্দায় নিখুঁত অভিনয় কিংবা নতুন ধরনের গল্প বেছে নেওয়ার জন্য বহু বছর ধরেই আলাদা পরিচিতি রয়েছে তাঁর। তবে সাম্প্রতিক সময়ে একের পর এক ব্যর্থতা যেন মানসিকভাবে নাড়িয়ে দিয়েছে এই অভিনেতাকে।
ব্যক্তিজীবনে এখন অনেকটাই সুখে রয়েছেন আমির। নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটকে নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। আগের দুই সংসারের তিন সন্তান এবং গৌরীর ছেলেকে নিয়ে তাঁর পরিবারও বেশ পরিপূর্ণ। কিন্তু এত কিছুর পরও মনের ভেতরে জমেছে এক ধরনের হতাশা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই মানসিক অবস্থার কথাই অকপটে জানিয়েছেন অভিনেতা। তাঁর ভাষায়, কোনও সিনেমা ব্যর্থ হলে তিনি সেটাকে ‘সন্তান হারানোর’ মতো কষ্ট হিসেবে অনুভব করেন। কারণ, প্রতিটি সিনেমাকে তিনি নিজের সন্তানের মতোই দেখেন।
চলতি মাসের শুরুতে মুক্তি পেয়েছিল আমিরের ছেলে জুনেইদ খানের নতুন ছবি। দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন জুনেইদ। ছবিটি নিয়ে আশাবাদী ছিলেন আমিরও। তাঁর বিশ্বাস ছিল, দর্শক ছবিটিকে ভালোবাসা দেবেন। কিন্তু মুক্তির মাত্র দুই সপ্তাহের মধ্যেই প্রেক্ষাগৃহ থেকে বিদায় নিতে হয় ছবিটিকে।
এই ব্যর্থতা যেন আরও বেশি আঘাত করেছে আমিরকে। অভিনেতা জানান, যখন কোনও সিনেমা দর্শক প্রত্যাখ্যান করেন, তখন তিনি কয়েক মাসের জন্য হতাশায় ভুগতে থাকেন। তাঁর মতে, কষ্টটাকে মন থেকে বের করে দিতে সময় নেওয়া জরুরি। তাই সেই সময়ে নিজেকে কাঁদতেও দেন তিনি।

আমির আরও বলেন, অনেক সময় সিনেমার প্রথম ঝলক দেখেই তিনি বুঝতে পারেন সেটি দর্শকের মন ছুঁতে পারবে কি না। তবে ছেলের ছবির ক্ষেত্রে তাঁর সেই ধারণা মিলেনি। আর সেই ব্যর্থতাই এখন গভীরভাবে নাড়া দিচ্ছে তাঁকে।
বলিউডে সফলতার পাশাপাশি ব্যর্থতার গল্পও কম নয়। তবে নিজের আবেগ আর হতাশার কথা এত খোলামেলা ভাবে স্বীকার করায় অনেকেই আবার নতুন করে প্রশংসা করছেন আমির খানের সততার।
পিআর/টিএ