৯০ দিনের মধ্যে বিচার না হওয়ার জবাবদিহি কার- প্রশ্ন আনিস আলমগীরের
ছবি: সংগৃহীত
০২:৩৭ এএম | ২১ মে, ২০২৬
মাগুরায় আছিয়া ধর্ষণ-হত্যার বিচারের চূড়ান্ত রায় এক বছরেও শেষ না হওয়ার প্রতিবেদনের ফটোকার্ড শেয়ার করে সাংবাদিক আনিস আলমগীর বলেছেন, আইনে ধর্ষণের ঘটনা ১৫ দিনের মধ্যে তদন্ত এবং ৯০ দিনের মধ্যে বিচার শেষ করার কথা স্পষ্ট বলা আছে। এই সময়সীমা বাস্তবায়ন না হওয়ার জন্য জবাবদিহি কার? পুলিশ প্রশাসনের না কি বিচার ব্যবস্থার?
বুধবার (২০ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ প্রশ্ন তোলেন তিনি।
ফেসবুক পোস্টে আনিস আলমগীর লেখেন, মিরপুরে ধর্ষিত শিশুটির বাবা ঠিকই বলেছেন, ১৫ দিন পর সবাই এটা ভুলে যাবে। নতুন একটা ইস্যু আসবে। আবার আরেকটি ধর্ষণের ঘটনা আসবে। এভাবেই চলতে থাকবে।
মাগুরার আছিয়ার কাণ্ড নিয়ে তো অনেক কিছুই ঘটল। নেতারা হেলিকপ্টারে করে উড়ে গেলেন দাফন করতে। রেজাল্ট তো দেখাই যাচ্ছে।
তিনি লেখেন, পরিসংখ্যান বলছে, শিশু ধর্ষণের ঘটনা গত বছরের তুলনায় ৭৫% বেড়েছে।
যে দেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সেখানে অপরাধের হার উল্টো এভাবে বাড়ার পেছনের মনস্তত্ত্ব বা কারণটি আসলে কী? এটা কি আমাদের সমাজ বিশ্লেষকরা ভেবে দেখেছেন?
তিনি আরো লেখেন, যখন ১টি বা ২টি নয়, এই বছরের প্রথম দুই মাসেই ৮৫টি ধর্ষণের খবর আসে এবং তার একটি বড় অংশই গণধর্ষণ- তখন একে কি কেবল বিচ্ছিন্ন অপরাধ বলবেন, না কি এটি একটি সামাজিক ও রাষ্ট্রীয় সংকট?
আইনে ১৫ দিনের মধ্যে তদন্ত এবং ৯০ দিনের মধ্যে বিচার শেষ করার কথা স্পষ্ট বলা আছে। এই সময়সীমা বাস্তবায়ন না হওয়ার জন্য জবাবদিহি কার? পুলিশ প্রশাসনের না কি বিচার ব্যবস্থার?
টিজে/টিএ