১০ ভাষায় খুতবা অনুবাদের ব্যবস্থা করেছে হজ আয়োজকরা
ছবি: সংগৃহীত
০৩:২৫ এএম | ২১ মে, ২০২৬
হজের মৌসুমে মক্কা নগরীতে আরবির পাশাপাশি বিশ্বের নানা ভাষার ব্যবহার হয়ে থাকে। আরবির পাশাপাশি বাংলা, উর্দু, ইন্দোনেশিয়ান, তুর্কি, ফার্সি ইংরেজি, ফরাসি ও সোয়াহিলিসহ বিশ্বের বিভিন্ন ভাষার শব্দে মুখর হয়ে উঠবে পবিত্র নগরী।
সোমবার (১৮ মে) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আরব নিউজ এ তথ্য জানায়। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা মুসল্লিদের এই বৈচিত্র্য মুসলিম উম্মাহর ঐক্যেরই প্রতিচ্ছবি। ভিন্ন সংস্কৃতি ও ভাষার মানুষ একসঙ্গে তাওয়াফ, দোয়া ও ধর্মীয় আচার পালনে অংশ নেন।
ভাষাগত বাধা দূর করতে ব্যাপক উদ্যোগ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
গ্র্যান্ড মসজিদ ও নবীর মসজিদের তত্ত্বাবধানের জন্য সৌদি কর্তৃপক্ষ গ্র্যান্ড মসজিদের খুতবা ১০টি ভাষায় একযোগে অনুবাদের ব্যবস্থা করেছে। ‘মানারাত আল–হারামাইন’ প্ল্যাটফর্ম ও এফএম রেডিওর মাধ্যমে এসব অনুবাদ শুনতে পারবেন হাজিরা।
এ ছাড়া ৫০টির বেশি ভাষায় দিকনির্দেশনা ও ধর্মীয় তথ্য দিতে ব্যবহার করা হচ্ছে ওয়্যারলেস হেডফোন ও ডিজিটাল গাইড কার্ড। পবিত্র মসজিদুল হারামের ভেতরে রয়েছে বহুভাষিক বই, নির্দেশনামূলক সাইনবোর্ড, ইলেকট্রনিক স্ক্রিন এবং বিভিন্ন ভাষায় অনূদিত পবিত্র কোরআনের কপি।
পবিত্র হজের জন্য বিভিন্ন স্থানে নিয়োজিত বহুভাষিক স্বেচ্ছাসেবক ও ফিল্ড টিম হাজিদের স্বাস্থ্যসেবা, নিরাপত্তা এবং ধর্মীয় নির্দেশনায় সহায়তা করছেন। এর ফলে হজযাত্রীরা আরো সহজ ও নিরাপদভাবে ধর্মীয় আচার সম্পন্ন করতে পারছেন।
সৌদি কর্তৃপক্ষ বলছে, এসব উদ্যোগ শুধু ভাষাগত সহায়তাই নয়, বরং ইসলামের বার্তা ও হজসেবাকে আরো সহজভাবে বিশ্বের মুসলমানদের কাছে পৌঁছে দিচ্ছে।
টিজে/টিএ