© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘রকস্টার’ টিজারে শাকিব-মিথিলার রোমান্স, রহস্যের আভাস

শেয়ার করুন:
‘রকস্টার’ টিজারে শাকিব-মিথিলার রোমান্স, রহস্যের আভাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৮ এএম | ২১ মে, ২০২৬
‘আগুন যত উজ্জ্বল হয়, তার অন্ধকারটাও তত গভীর হয়!’ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন এক রহস্যময় বার্তা দিয়ে নিজের আসন্ন সিনেমা ‘রকস্টার’-এর দ্বিতীয় টিজার প্রকাশ করেছেন সুপারস্টার শাকিব খান।

বুধবার (২০ মে) সন্ধ্যা ৭টায় সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত এই সিনেমাটির টিজার শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন। ক্যাপশনে আরও লেখেন, ‘তবু গভীরতম অন্ধকারেও একটি ভালোবাসার ফুল ফুটবার পথ খুঁজে নিতে পারে।’ এই বার্তার মতোই টিজার জুড়েই ছড়িয়ে রয়েছে প্রেম ও রহস্যের এক মায়াজাল।

প্রথম টিজারে শাকিবের মারকুটে ‘রকস্টার’ রূপ দেখা যায়। তবে বুধবার সন্ধ্যায় প্রকাশিত দ্বিতীয় টিজারে দর্শকদের আকর্ষণ কেড়ে নিয়েছেন তানজিয়া জামান মিথিলা। টিজারে তার উপস্থিতি, রহস্যময় অভিব্যক্তি আর শাকিব খানের সঙ্গে রোমান্টিক মুহূর্তগুলো নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নতুন কৌতূহল।



বাংলাদেশের ‘মিস ইউনিভার্স’ খ্যাত তানজিয়া জামান মিথিলার জন্য ‘রকস্টার’ হতে যাচ্ছে ঢালিউডের মূলধারার বাণিজ্যিক সিনেমায় প্রথম কাজ। এর আগে তিনি বলিউডের রোহিঙ্গা সংকটভিত্তিক একটি সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন। সেই সুবাদে ঢালিউডে তার এই অভিষেক ঘিরে আগে থেকেই দর্শকদের বাড়তি আগ্রহ ছিল।

দ্বিতীয় টিজার প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক মন্তব্যের দেখা মিলছে। অনেকেই মিথিলার লুক, স্ক্রিন প্রেজেন্স ও চরিত্রের রহস্যময় দিকটিকে ‘টিজারের সবচেয়ে আকর্ষণীয় অংশ’ বলে মন্তব্য করছেন। ভক্তদের একাংশের ধারণা, ‘রকস্টার’-এ মিথিলার চরিত্রটিই হতে পারে গল্পের সবচেয়ে বড় চমক।

আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া এই সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে মিথিলা ছাড়াও গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সাবিলা নূর ও সুনিধি নায়েককে। 

কেএন/এসএন

মন্তব্য করুন