© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মানবতাবিরোধী অপরাধআওয়ামী লীগ নেতা হুমায়ুনের জামিন বাতিলে আদেশ ২১ জুন

শেয়ার করুন:
আওয়ামী লীগ নেতা হুমায়ুনের জামিন বাতিলে আদেশ ২১ জুন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৫ পিএম | ২১ মে, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের সময় লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন বাতিল সংক্রান্ত শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামী ২১ জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (২১ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, সহিদুল ইসলাম সরদার, মঈনুল করিম, তারেক আবদুল্লাহসহ অন্যরা।

শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, জটিল রোগে আক্রান্ত দেখিয়ে মানবিক বিবেচনায় আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন নিয়েছেন আসামিপক্ষ। তারা এমনভাবে দেখিয়েছেন যে, লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে তার দুই ভাই মারা গেছেন। তিনিও আর বাঁচবেন না। অথচ সর্বশেষ জমা দেওয়া বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের স্বাস্থ্য প্রতিবেদন অনুযায়ী তার রোগটি এখনও গুরুতর নয়।

কিডনিতে কোনো ধরনের সমস্যা নেই। তাই হুমায়ুন কবিরকে দেওয়া জামিন আদেশটি আমরা বাতিল চাই।

পরে আসামিপক্ষের আইনজীবী আবদুল কাইয়ুমের বক্তব্য শোনেন ট্রাইব্যুনাল। তিনি জামিন আদেশটি বহাল রাখার প্রার্থনা জানান।

উভয়পক্ষের শুনানি শেষে আদেশের জন্য ২১ জুন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। গত ১৮ মে এ জামিন বহাল রাখার পক্ষে যুক্তি উপস্থাপন করেন আসামিপক্ষের আইনজীবী কাইয়ুম। তবে প্রসিকিউশনের পক্ষে শুনানির জন্য আজকের দিন ঠিক করা হয়।

এর আগে, ১১ মে হুমায়ুন কবিরের জামিন বাতিল চেয়ে আবেদন করে প্রসিকিউশন। গত ৪ মে তার স্বাস্থ্য প্রতিবেদন দাখিল করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগ।

লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ায় বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছেন হুমায়ুন কবির পাটোয়ারী। গত ২ মার্চ তার জামিন আদেশটি স্থগিত করেন ট্রাইব্যুনাল-২। যদিও চলতি বছরের ১১ জানুয়ারি শর্তসাপেক্ষে তাকে জামিন দেন একই আদালত।

এমআর/টিকে  

মন্তব্য করুন