৩৫ দিন সমুদ্রে থেকেও আক্রান্ত ৫৭ নাবিক
বন্দর থেকে সাগরে পাড়ি জমানোর আগে ৬১ জন ক্রু সদস্যের সবার করোনা পরীক্ষা করা হয়। সবার রিপোর্ট ছিল নেগেটিভ। কিন্তু সাগরে ৩৫ দিন কাটিয়ে তীরে আসার পর ৫৭ জনের শরীরে ধরা পড়ল করোনাভাইরাসের সংক্রমণ। এর পেছনে কোনো কারণ খুঁজে পাচ্ছে না আর্জেন্টিনা কর্তৃপক্ষ।
নাবিক দলের কারও শরীরে ছিল না কোভিড-১৯’র সংক্রমণ। জাহাজে ভেসে থাকায় ছিল না স্থলভূমির সংস্পর্শ। এরপরও ৬১ জনের মধ্যে ৫৭ জনের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ। এই রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
সোমবার আর্জেন্টিনার দ্বীপরাজ্য তিয়েরা দেল ফুয়েগোর স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দলের কয়েকজনের শরীরে কোভিড-১৯’র গতানুগতিক লক্ষণ দেখা দিলে বন্দরে ফিরে আসে ‘দ্য এশিজেন মারু’ নামের জাহাজটি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ৬১ জন ক্রু সদস্যদের আবারও করোনা টেস্ট করা হলে ৫৭ নাবিকের রিপোর্টই পজিটিভ আসে। যাদের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে তাদের সবাইকে জাহাজে আইসোলেশনে রাখা হয়েছে।
তাদেরকে জাহাজ থেকে নামতে দেয়া হচ্ছে না। শুধু স্বাস্থ্যকর্মীদের সেখানে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে। উশুআইয়া বন্দর ছাড়ার আগে সব নাবিককে একটি হোটেলে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছিল।
টাইমস/জিএস