© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাশিয়ার সীমান্তবর্তী দেশে ৫ হাজার সেনা মোতায়েনের ঘোষণা ট্রাম্পের

শেয়ার করুন:
রাশিয়ার সীমান্তবর্তী দেশে ৫ হাজার সেনা মোতায়েনের ঘোষণা ট্রাম্পের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫১ পিএম | ২২ মে, ২০২৬
রাশিয়ার সীমান্তবর্তী ইউরোপীয় দেশ পোল্যান্ডে অতিরিক্ত ৫ হাজার সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে অবশ্য ইউরোপকে নিজেদের নিরাপত্তার দায়িত্বভার বহনের তাগিদ থেকে মহাদেশটিতে সৈন্য উপস্থিতি কমিয়ে আনার বার্তা দিয়েছিল যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (২১ মে) পোল্যান্ডে অতিরিক্ত সেনা মোতায়েনের কথা জানিয়ে ট্রাম্প বলেন, এই সিদ্ধান্ত পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারল নওরোৎস্কির সঙ্গে তার সম্পর্কের ভিত্তিতে নেয়া হয়েছে। পোলিশ প্রেসিডেন্টকে ‘জাতীয়তাবাদী মিত্র’ আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট যোগ করেন, গত বছরের নির্বাচনে নওরোৎস্কিকে সমর্থন দিতে পেরে তিনি ‘গর্বিত’।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, পোল্যান্ডে অতিরিক্ত ৫ হাজার সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র।’

তবে ট্রাম্প এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। গত সপ্তাহে মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন, পোল্যান্ডে ৪ হাজার মার্কিন সেনা পাঠানোর পরিকল্পনা বাতিল করা হয়েছে। ইরান যুদ্ধে সহায়তা না করা এবং ন্যাটো মিত্রদের ওপর অসন্তোষ প্রকাশের অংশ হিসেবে ইউরোপে সৈন্যের সংখ্যা কমানোর ইঙ্গিত দিয়েছে ট্রাম্প প্রশাসন।

তবে মঙ্গলবার (১৯ মে) ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, পোল্যান্ডে সেনা মোতায়েনের সিদ্ধান্ত বাতিল হয়নি, বরং বিলম্বিত হয়েছে। তিনি আরও জানান, এ বিষয়ে ট্রাম্প এখনও ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নেননি। অবশেষে ট্রাম্প সেনা মোতায়েনের পক্ষেই মত দিয়েছেন।

গত মে মাসের শুরুতে পেন্টাগন ঘোষণা দিয়েছিল, জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করবে ওয়াশিংটন। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস আলোচনার টেবিলে ইরান যুক্তরাষ্ট্রকে ‘অপমান করছে’ বলে মন্তব্য করার পর এই ঘোষণা আসে।

সূত্র: গালফ নিউজ

এসকে/এসএন

মন্তব্য করুন