© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তীব্র গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি

শেয়ার করুন:
তীব্র গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০৭ পিএম | ২২ মে, ২০২৬
কয়েকদিনের তীব্র গরমের পর রাজধানীর বৃষ্টি নেমেছে। সঙ্গে বাতাসও বইছে। ফলে ভ্যাপসা গরমে অতিষ্ঠ নগরবাসীর মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে।

শুক্রবার (২২ মে) সকাল থেকে মেঘের ঘোরাঘুরি থাকলেও রোদের ঝলকানি ছিল চোখে পড়ার মতো। তবে দুপুর ১২টার দিকে হঠাৎ যেন সন্ধ্যা নেমে আসে। মেঘে ঢেকে যায় ঢাকার আকাশ। বইতে থাকে ঠান্ডা বাতাস। কিছু সময় পরই রাজধানীর বিভিন্ন জায়গায় শুরু হয় বৃষ্টি।

দুপুরে রাজধানীর বাংলামোটর ও কারওয়ানবাজার, মহাখালীসহ বেশকয়েকটি এলাকায় বৃষ্টি হয়। এসব জায়গায় কয়েক মিনিটে বৃষ্টি থেমে গেলেও কিছু কিছু জায়গায় এখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টিতে জুমার নামাজ পড়তে আসা মুসল্লিরা কিছুটা বেকায়দায় পড়েন।

বৃষ্টিতে কিছুটা স্বস্তি প্রকাশ করে রানা মজুমদার বলেন, ‘নামাজ পড়েত যাওয়ার সময় বৃষ্টি নামায় একটু সমস্যা হয়েছে। তবুও স্বস্তি লাগছে। কয়েকদিন বেশ গরম পড়েছে। বৃষ্টি হওয়াতে এখন কিছুটা ভালো লাগছে।’

ঢাকা ও এর আশপাশ এলাকার জন্য দেয়া আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৮৯ শতাংশ।

গত বৃহস্পতিবার সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

খুলনা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এসকে/এসএন

মন্তব্য করুন