© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অনলাইন আবেদনে জামিন পাননি সিকদার গ্রুপের দুই ভাই, পিপিই জরিমানা

শেয়ার করুন:
অনলাইন আবেদনে জামিন পাননি সিকদার গ্রুপের দুই ভাই, পিপিই জরিমানা
own-reporter
০৩:০২ পিএম | ২০ জুলাই, ২০২০

হত্যাচেষ্টা মামলায় ব্য্যাংকক থেকে অনলাইনে জামিন আবেদন করেছিলেন সিকদার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদার। থাইল্যান্ডে অবস্থান করে এ ধরনের আবেদন ‘বেআইনি’ উল্লেখ করে তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। একই সঙ্গে বেআইনিভাবে জামিন আবেদন করায় দুই ভাইকে জরিমানা হিসেবে ১০ হাজার পিস পিপিই দেয়ার নির্দেশ দেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি মো. আশরাফুল কামালের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। জরিমানা হিসেবে আগামী দুই সপ্তাহের মধ্যে তাদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ হাজার পিপিই প্রদানের নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে আসামিদের পক্ষে জামিন আবেদনের শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট আজমালুল হোসেন কিউসি, আব্দুল বাসেত মজুমদার ও এএম আমিন উদ্দিন।

এসময় বিদেশ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই ভাই ভার্চুয়াল কোর্টে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। দেশের বাইরে থেকে পলাতক কোনো আসামির আগাম জামিন আবেদন বিচার বিভাগের ইতিহাসে এটাই প্রথম।

এর আগে বেসরকারি এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তাকে নির্যাতন ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে সিকদার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের বিরুদ্ধে। পরে রাজধানীর গুলশান থানায় গত ১৯ মে মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ। এরপর ২৫ মে রাতে চার্টাড বিমানে দুই ভাই দেশত্যাগ করেন।

মামলা সূত্রে জানা যায়, গত ৭ মে রন ও দিপু এক্সিম ব্যাংকের এমডি মুহাম্মদ হায়দার আলী মিয়া ও অতিরিক্ত এমডি মুহাম্মদ ফিরোজ হোসেনকে একটি অ্যাপার্টমেন্টে বন্দি করে রাখেন। তাদের গুলি করে হত্যার চেষ্টাও করা হয়। পুরো ঘটনাটি ৫০০ কোটি টাকা ঋণ প্রস্তাব নিয়ে। রন হক সিকদার ও দিপু হক সিকদার ব্যাংকটির এমডির কাছে একটি সাদা কাগজে জোর করে স্বাক্ষর নেন। পরে এ ঘটনায় এক্সিম ব্যাংক মামলা করে ১৯ মে। পরে ২৫ মে রাতে চার্টাড বিমানে দুই ভাই দেশত্যাগ করে থাইল্যান্ডে পাড়ি জমান। সেখান থেকেই তারা আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানান।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন