অল্প সময়ের মধ্যে ঈদযাত্রা স্বস্তির ও নির্বিঘ্ন করা চ্যালেঞ্জিং: সেতুমন্ত্রী
ছবি: সংগৃহীত
০২:০৭ পিএম | ২২ মে, ২০২৬
অল্প সময়ের মধ্যে ঈদযাত্রা স্বস্তির ও নির্বিঘ্ন করা চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেছেনসড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।
শুক্রবার (২২ মে) কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের সহযোগিতার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে ঈদযাত্রার প্রস্তুতি নিয়ে মতবিনিময়কালে মন্ত্রী এ কথা জানান।
সেতুমন্ত্রী বলেন, অল্প সময়ের মধ্যে ঈদযাত্রা স্বস্তির ও নির্বিঘ্ন করা চ্যালেঞ্জিং হলেও এবার স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করা হবে।
মন্ত্রী বলেন, মাত্র তিনদিনের মধ্যে আড়াই কোটি মানুষ ও কোরবানিযোগ্য পশুকে পরিবহন করা একটি বড় চ্যালেঞ্জ। আমাদের অবকাঠামো ও পরিবহন নিয়ে একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। যে কারণে ঈদযাত্রা নির্বিঘ্ন ও আরামদায়ক করা কষ্টকর হয়ে যায়। আমি মনে করি, সবার সহযোগিতা থাকলে, জনগণ সচেতন থাকলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে এবারের ঈদযাত্রা স্বস্তির হবে বলে নিশ্চিত করতে পারব।
তিনি বলেন, প্রতি বছর গড়ে সাড়ে ৪ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। যার প্রধান দুটি কারণ চালকের অদক্ষতা ও আনফিট বাস। জনগণের অসচেতনতাও আছে। তবে আমাদের এসব কমিয়ে আনতে হবে। সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে প্রতিষ্ঠিত করতে সরকার ভাববে।
একই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, আমরা দায়িত্ব ঈমানের সঙ্গে পালনের চেষ্টা করছি। দুর্ঘটনার স্থান ও কারণ চিহ্নিত করে আগে থেকেই ব্যবস্থা নেওয়া হচ্ছে, দুর্ঘটনার পরিমাণ কমে আসছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ (এমপি); কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী; সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মো. জিয়াউল হক; বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমানসহ কুমিল্লা জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এদিন সকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সড়ক দুর্ঘটনায় নিহত ৮৬ জন এবং ৩৩ জন আহতের পরিবারকে ৪ কোটি ৮৯ লাখ টাকার ক্ষতিপূরণের চেক তুলে দেয়া হয়।
এসকে/এসএন