© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজনৈতিক পরিচয় না দেখে অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে: সাইফুল হক

শেয়ার করুন:
রাজনৈতিক পরিচয় না দেখে অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে: সাইফুল হক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৬ পিএম | ২২ মে, ২০২৬
শিশু রামিসা ধর্ষণ-হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, রাজনৈতিক পরিচয় না দেখে অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে।

শুক্রবার (২২ মে) জাতীয় প্রেসক্লাবে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ আয়োজিত 'বিএনপি সরকারের তিন মাস-প্রাপ্তি ও প্রত্যাশা' শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সাইফুল হক বলেন, রামিসাসহ গত সাত থেকে পনেরো দিনে হত্যা, ধর্ষণ ও পৈশাচিকতার শিকার হয়েছেন অনেকে।মক্তব মাদ্রাসায় পৈশাচিকতা আমাদের আহত করে। এটা আফ্রিকান সিনড্রোম মনে হয়।

তিনি বলেন, ধর্ষণের সাথে দারিদ্র্যতা যুক্ত। এতে সহজেই আক্রান্ত করা যায়। এর সাথে আইনগত, অর্থনৈতিক, সামাজিকসহ অনেক কিছু জড়িয়ে আছে। রামিসার ধর্ষকের সঙ্গে রাজনৈতিক পরিচয় উঠে আসছে। অপরাধীরা রাজনৈতিক পরিচয় ধারণ করতে চায়।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই নেতা বলেন, শাহ আলী মাজার ভাঙা, কুষ্টিয়ায় মাজারের একজনকে মারধর-অভ্যুত্থানের পর এমন বর্বরতা হওয়ার কথা ছিল? এসব ক্ষেত্রে সরকারের উচিৎ দৃষ্টান্ত স্থাপন করা।

এ সময় সরকারকে মূল্যায়নের জন্য তিন মাস সময় যথেষ্ট নয় বলে উল্লেখ করেন সাইফুল হক। তিনি বলেন, গণআতঙ্ক থেকে মানুষকে মুক্তি দিতে হবে। কিন্তু গুড গভার্নেন্স নিশ্চিত করতে হবে। সরকারের কার্যকারিতা দেখতে চাই। সরকার তিন মাসে রাতারাতি ম্যাজিক দেখাতে পারবে-এমন প্রত্যাশা না করাই ভালো। সরকার কাজ করতে চাইছে। সে চেষ্টা করছে। চব্বিশ বা পঁচিশটি সোশ্যাল সেফটি প্রকল্প আছে। বাজেটের পর তা বোঝা যাবে। জনকল্যাণমুখী একটা রাষ্ট্র কায়েম করতে চায় সরকার।

তিনি বলেন, তারেক রহমানের সামনে ইতিহাসের বরপুত্র হিসেবে সুযোগ তৈরি হয়েছে। জনগণের মধ্যকার ঐক্য আমাদের শক্তির জায়গা। সংসদের ভেতরে-বাইরের দল ও সামাজিক সংগঠনগুলো ঐক্যবদ্ধ করে কাজ করতে হবে। তারেক রহমান সে চেষ্টা করছেন।

গণভোটের গণরায় সংসদে বিল আকারে উত্থাপন করে কাজ করলে সরকারের জন্য সুবিধা হতো। সংসদে সরকারের ২৫০ জন মানুষ আছে। তাদের উদ্বিগ্ন হওয়ার কারণ ছিল না। গণভোটের গণরায় ভবিষ্যতে সরকারের জন্য প্রশ্ন হয়ে উত্থাপিত হবে। প্রত্যাহার হওয়া গুম ও মানবাধিকার কমিশন নিয়ে সরকার যথাযথভাবে কাজ করবে বিশ্বাস করি।

সাইফুল হক বলেন, ভবিষ্যতে বিরোধীদলের ভূমিকায় গেলে যে ধরনের ব্যবস্থা বিএনপি দেখতে চাইবে, এখনই সেই ব্যবস্থা তৈরি করা উচিৎ। নির্বাহী বিভাগকে জবাবদিহিতার আওতায় আনা। প্রধানমন্ত্রী কেন্দ্রিক অগণতান্ত্রিক ক্ষমতায় ভারসাম্য নিয়ে আসা। বাণিজ্য চুক্তি নিয়ে সংসদে কোনো আলোচনা হয়নি। সমতা ও ন্যায্যতার ভিত্তিতে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গড়তে হবে মন্তব্য করেন তিনি।

এমআই/এসএন

মন্তব্য করুন