সীমান্তে ভারতীয়দের ওপর নেপালি পুলিশের গুলি
ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক দিন দিন যেন আরও খারাপ হচ্ছে। সীমান্ত বিরোধও জমে উঠেছে দুই দেশের মধ্যে। এমন টানটান উত্তেজনাকর পরিস্থিতির মাঝেই এবার ভারতের বিহারের কিষাণগঞ্জ সীমান্তে তিন ভারতীয়কে লক্ষ্য করে গুলি করেছে নেপালি পুলিশ।
শনিবার রাতে এ ঘটনা ঘটে। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদনে বলা হয়েছে, গুলিতে এক ভারতীয় আহত হয়েছেন।
এ নিয়ে দ্বিতীয়বার ভারত-নেপাল সীমান্তে গুলিবর্ষণের ঘটনা ঘটল। এর আগে গত মাসে বিহারের সীতামারহি বর্ডার পয়েন্টে একটি সংঘর্ষের সময় শূন্যে গুলি ছুড়ে ভারতীয় বিএসএফকে হটিয়ে দিয়েছিল।
বিহারের কিষাণগঞ্জের পুলিশ সুপার ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে জানান, আহত ব্যক্তিকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কী কারণে সীমান্তে নেপালি পুলিশ গুলি চালিয়েছে তা এখনো জানা যায়নি। তদন্ত চলছে।
তবে নেপাল পুলিশের পক্ষ থেকে এই ঘটনাকে ‘স্থানীয় সংঘর্ষ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তারা জানিয়েছে, এই ঘটনার সঙ্গে ভারত-নেপাল সীমান্ত বিরোধের কোনো সংযোগ নেই।
এর আগে গত ১২ জুন ভারত-নেপাল সীমান্তে বিহারের সীতামারিতে নেপাল পুলিশের গুলিতে এক ভারতীয় কৃষক নিহত হন। ওই ঘটনায় আহত হয়েছিলেন আরও ২ ভারতীয় নাগরিক।
টাইমস/এসএন