আগামীকাল ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত
০৭:০৬ পিএম | ২২ মে, ২০২৬
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় শনিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় নজরুল জন্মজয়ন্তী উৎসব। জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ২৩, ২৪ ও ২৫ মে আয়োজিত এ উৎসবের উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
জানা গেছে, শনিবার দুপুরে ত্রিশালের নজরুল মঞ্চে আনুষ্ঠানিকভাবে উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করবেন তিনি। এর আগে, সকালে ঢাকা থেকে সড়কপথে ত্রিশালে এসে উপজেলার বৈলর ইউনিয়নের কানহর বাজার এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন।
ময়মনসিংহ জেলা প্রশাসন ঘোষিত কর্মসূচি অনুযায়ী, পরে প্রধানমন্ত্রী নজরুলের বাল্য স্মৃতিবিজড়িত দরিরামপুর নজরুল একাডেমি প্রাঙ্গণে তিন দিনব্যাপী জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেবেন। এরপর নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা, মহানগর ও বিভাগীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রিশাল সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় নজরুলপ্রেমীরা। ত্রিশালজুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা।
দলীয় প্রধানকে বরণ করতে প্রস্তুত রয়েছেন দলীয় নেতাকর্মীরা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সাজানো হয়েছে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্যানায়। নজরুল একাডেমি প্রাঙ্গণের এক পাশে নির্মাণ করা হয়েছে বিশাল প্যান্ডেল, অন্য পাশে বসেছে নজরুল মেলা।
ত্রিশালবাসীর প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এ সফরে উপজেলাবাসীর জন্য বিশেষ কোনো উন্নয়ন উপহার ঘোষণা করা হতে পারে। স্থানীয়দের দাবির মধ্যে রয়েছে নজরুল সিটি বাস্তবায়ন, শিল্পাঞ্চলের সম্ভাবনাময় ত্রিশালকে শিল্পনগরী ঘোষণা, কারিগরি শিক্ষার বিস্তারে নতুন কারিগরি প্রতিষ্ঠান স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প।
ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, ২০০৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ত্রিশালবাসীকে বিশ্ববিদ্যালয় উপহার দিয়েছিলেন। এবার আমাদের বর্তমান প্রধানমন্ত্রীও ত্রিশালবাসীর স্বপ্নপূরণে ব্যতিক্রমধর্মী কিছু উপহার দেবেন বলে আমরা আশাবাদী।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের দ্বিতীয় দিনের প্রধান অতিথি হিসেবে থাকবেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তৃতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
উৎসবজুড়ে থাকবে নানা সাংস্কৃতিক আয়োজন। জাতীয় পর্যায় থেকে শুরু করে জেলা ও স্থানীয় শিল্পীরা অংশ নেবেন বিভিন্ন পরিবেশনায়। পাশাপাশি তিন দিনব্যাপী মেলাতেও বসেছে প্রায় পাঁচ শতাধিক স্টল। রয়েছে নজরুল বইমেলা। কবি-সাহিত্যিক ও নজরুলপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে নজরুলের স্মৃতিধন্য ত্রিশাল।
আরআই/টিকে