রংপুরে সাংবাদিকের ওপর হামলায় ২ শিক্ষক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
০৭:১১ পিএম | ২২ মে, ২০২৬
রংপুরের পীরগাছা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ সরকারের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, পীরগাছা সদর ইউনিয়নের তালুক ঈশাদ (শটিপাড়া) গ্রামের মৃত রইছ উদ্দিন ঘুঘুর ছেলে ও স্বচাষ তালতলা দাখিল মাদরাসার সুপার লুৎফর রহমান (৫৫) ও পূর্ব চন্ডিপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে ও রামচন্দ্র মৌজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান (৪৫)।
পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বলেন, ‘রাতেই অভিযান চালিয়ে দুই লুৎফরকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম বলেন, ‘সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দ্রুততার সঙ্গে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।’
প্রসঙ্গত, দাখিল পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী, জাল সনদ ও নকল বাণিজ্যের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আব্দুল কুদ্দুছ সরকারের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ ওঠে। হামলায় একটি মাদরাসার সুপার ও দুই শিক্ষক নেতৃত্ব দেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী সাংবাদিক।
আরআই/টিকে