করোনায় সুখবর, অক্সফোর্ডের ভ্যাকসিন কার্যকর ঘোষণা
প্রাণঘাতী করোনা চিকিৎসায় অবশেষে সুখবর এলো। জল্পনা কল্পনা ও গবেষণা শেষে অক্সফোর্ড ইউনিভার্সিটির ভ্যাকসিন কার্যকর ও নিরাপদ বলে ঘোষণা করা হয়েছে। করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম পর্যায়ের ফলাফলে মিলেছে এ তথ্য। লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার এমনটাই দাবি করেছে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, এই টিকার দাম পড়বে মাত্র এক কাপ কফির দামের সমান। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা ফাইজার জানায়, আগামী অক্টোবর নাগাদ তাদের তৈরি ভ্যাকসিন বাজারে আসবে। এর পরেই অক্সফোর্ড জানাল তাদের টিকার কথা। টিকা তৈরির পাশাপাশি দুটি ওষুধ নিয়েও চর্চা চলছে। একটি হল মার্কিন মুলুকের রেমডেসিভির অন্যটি হল রাশিয়ার অ্যাভিফ্যাভির। এই দুটি ওষুধেরও পরীক্ষামূলক প্রয়োগ চলছে। ইংল্যান্ডের দাবি ডেক্সামেথাসন ওষুধটি করোনার চিকিৎসায় বিশেষ কার্যকর।
বিশেষজ্ঞরা বলছেন, অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের এখন চলছে তৃতীয় ধাপের পরীক্ষামূলক প্রয়োগ। এর ফলাফল আগস্ট মাসের শেষে জানা যাবে। তার পরেই অক্টোবর থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ করোনা রোগীরা এই ভ্যাকসিন নিতে পারবেন বলে গবেষকরা জানিয়েছেন।
টাইমস/এইচইউ