বাংলাদেশ-ভারতের যৌথ নদী কমিশনের বৈঠক শুরু
ছবি: সংগৃহীত
০৮:২৯ পিএম | ২২ মে, ২০২৬
কলকাতার শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের যৌথ নদী কমিশনের বৈঠক। শুক্রবার ভারত স্থানীয় সময় বিকেল ৪টার পর নিউটাউনের একটি হোটেলে বৈঠকটি শুরু হয়। এর আগে দুই দেশের প্রতিনিধি দল ও কমিশনের সদস্যরা সেখানে উপস্থিত হন।
বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ফারাক্কায় শুরু হওয়া এই বৈঠকের প্রথম দিনে ব্যারাজ সংলগ্ন এলাকায় প্রাথমিক বৈঠক ও গঙ্গার পানিপ্রবাহ পর্যবেক্ষণ করেন দুই দেশের প্রতিনিধিরা। ভারত ও বাংলাদেশের মধ্যে এটি ৯০তম যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক।
দুই দেশের প্রতিনিধি দল নৌকায় করে ফারাক্কায় গঙ্গা নদীতে ভারত-বাংলাদেশ জয়েন্ট অবজারভেশন সাইটে গিয়ে পানিপ্রবাহের বিষয়টি খতিয়ে দেখেন। প্রতিনিধিদল নদীতে মাঝ বরাবর পানির পরিমাণ, কোন নদী থেকে পানি উঠে আসছে এবং ফারাক্কা ব্যারাজ থেকে পানি ছাড়ার পরিমাণ যাচাই করে।
এছাড়া ভাগীরথী ও পদ্মা নদীর জল বিভাজন স্থল এবং ফিডার ক্যানেলে ব্যারাজ সংলগ্ন এলাকাতেও তারা পর্যবেক্ষণ চালান। তবে পর্যবেক্ষণ রিপোর্টে কি কি উঠে এলো সে বিষয়ে ফারাক্কায় মন্তব্য করেননি বাংলাদেশ নদী কমিশনের সদস্যরা। ভারতের কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারাও একে রুটিন পর্যবেক্ষণ বলে উল্লেখ করেছেন।
এর আগে, ৬ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলটি বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার ফ্লাইটে কলকাতায় পৌঁছায়। এরপর রাত ১০টার ট্রেনে রওনা দিয়ে ভোরে ফারাক্কায় পৌঁছায় তারা। দলের নেতৃত্ব দিচ্ছেন জেআরসির সদস্য মোহাম্মদ আনোয়ার কবির। সঙ্গে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাউথ এশিয়া উইংয়ের পরিচালক মোহাম্মদ বাকি বিল্লাহ, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর (পলিটিক্যাল) মোহাম্মদ আলমগীর হোসেন এবং কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি (পলিটিক্যাল) মোহাম্মদ ওমর ফারুক আকন্দ।
১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে। চুক্তি নবায়নের আগে এটিই নদী কমিশনের সর্বশেষ বৈঠক।
আরআই/টিকে