© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ধর্ষণ-সহিংসতায় গণআতঙ্ক দূর করে সুশাসন নিশ্চিত করতে হবে : সাইফুল হক

শেয়ার করুন:
ধর্ষণ-সহিংসতায় গণআতঙ্ক দূর করে সুশাসন নিশ্চিত করতে হবে : সাইফুল হক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫২ পিএম | ২২ মে, ২০২৬
ধর্ষণ, হত্যা ও সাম্প্রতিক সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, গণআতঙ্ক থেকে মানুষকে মুক্তি দিতে সরকারকে কার্যকর ভূমিকা রাখতে হবে এবং সুশাসন নিশ্চিত করতে হবে।

শুক্রবার (২২ মে) জাতীয় প্রেসক্লাবে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ কর্তৃক আয়োজিত বিএনপি সরকারের তিন মাস-প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সাইফুল হক বলেন, রামিসাসহ গত সাত থেকে পনেরো দিনে হত্যা, ধর্ষণ ও পৈশাচিকতার শিকার হয়েছেন অনেকে। মক্তব মাদরাসায় পৈশাচিকতা আমাদের আহত করে। এটা আফ্রিকান সিনড্রোম মনে হয়।

তিনি বলেন, ধর্ষণের সঙ্গে দারিদ্র্যতা যুক্ত। এতে সহজেই আক্রান্ত করা যায়। এর সঙ্গে আইনগত, অর্থনৈতিক, সামাজিকসহ অনেক কিছু জড়িয়ে আছে। রামিসার ধর্ষকের সঙ্গে রাজনৈতিক পরিচয় উঠে আসছে। অপরাধীরা রাজনৈতিক পরিচয় ধারণ করতে চায়।

সাইফুল হক বলেন, শাহ আলী মাজার ভাঙা, কুষ্টিয়ায় মাজারের একজনকে মারধর-অভ্যুত্থানের পর এমন বর্বরতা হওয়ার কথা ছিল? এসব ক্ষেত্রে সরকারের উচিত দৃষ্টান্ত স্থাপন করা।

তিনি বলেন, গণআতঙ্ক থেকে মানুষকে মুক্তি দিতে হবে। কিন্তু গুড গভার্নেন্স নিশ্চিত করতে হবে। সরকারের কার্যকারিতা দেখতে চাই। সরকার তিন মাসে রাতারাতি ম্যাজিক দেখাতে পারবে-এমন প্রত্যাশা না করাই ভালো। সরকার কাজ করতে চাইছে। সে চেষ্টা করছে। চব্বিশ বা পঁচিশটি সোশ্যাল সেফটি প্রকল্প আছে। বাজেটের পর তা বোঝা যাবে। জনকল্যাণমুখী একটা রাষ্ট্র কায়েম করতে চায় সরকার।

তিনি আরও বলেন, জনগণের মধ্যকার ঐক্য আমাদের শক্তির জায়গা। সংসদের ভেতরে-বাইরের দল ও সামাজিক সংগঠনগুলো ঐক্যবদ্ধ করে কাজ করতে হবে। ভবিষ্যতে বিরোধীদলের ভূমিকায় গেলে যে ধরনের ব্যবস্থা বিএনপি দেখতে চাইবে, এখনই সেই ব্যবস্থা তৈরি করা উচিৎ।

আরআই/টিকে

মন্তব্য করুন