বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের অবস্থান ও স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
১১:৪১ পিএম | ২২ মে, ২০২৬
সুইজারল্যান্ডের জেনেভায় চলমান বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সর্বোচ্চ নীতিনির্ধারণী সভা ‘বিশ্ব স্বাস্থ্য সম্মেলন’-এর (World Health Assembly) সাধারণ পরিষদে বাংলাদেশের লিড স্পিচ বা মূল বক্তব্য উপস্থাপন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
সম্মেলনে তিনি বৈশ্বিক জনস্বাস্থ্যে বাংলাদেশের সক্রিয় অংশীদারিত্ব এবং দেশের অভ্যন্তরে চলমান স্বাস্থ্য সংস্কার ও সেবার সার্বিক অবস্থান বিশ্বনেতাদের সামনে অত্যন্ত জোরালোভাবে তুলে ধরেন।

বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য রাখার সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, "বাংলাদেশ কেবল বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি অন্যতম অংশীদারই নয়, বরং স্থানীয় ও বৈশ্বিক জনস্বাস্থ্য উন্নয়নে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে।" তিনি দেশের তৃণমূল পর্যায়ের মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সর্বজনীন স্বাস্থ্যসেবা (Universal Healthcare), ই-হেলথ কার্ড চালু এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা কাঠামোর সম্প্রসারণে বর্তমান সরকারের সুনির্দিষ্ট কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বমঞ্চে বিস্তারিতভাবে তুলে ধরেন।

এবারের উচ্চপর্যায়ের বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের নেতৃত্বে বাংলাদেশ একটি শক্তিশালী প্রতিনিধিদল নিয়ে অংশগ্রহণ করেছে।
প্রতিনিধিদলের অন্য গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন, স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব মো কামরুজ্জামান এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস।
সম্মেলনের সাধারণ পরিষদে প্রতিমন্ত্রীর এই বক্তব্য আন্তর্জাতিক স্বাস্থ্য কূটনীতিতে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরাও সম্মেলনের বিভিন্ন টেকনিক্যাল সেশন ও সাইডলাইন বৈঠকে অংশ নিয়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্য খাতে প্রযুক্তি ও উদ্ভাবন এবং স্বাস্থ্য খাতের অর্থায়ন নিশ্চিতকরণে বাংলাদেশের অর্জন ও বৈশ্বিক অংশীদারিত্বের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করছেন।
এমআর/টিএ